সুরের ধারার স্মরণীয় সফর

১ জুলাই গুলশানের হলি আর্টিজান ট্র্যাজেডি শুধু বাংলাদেশ নয়, বিশ্বকেই স্তম্ভিত করে দিয়েছিল। পরদিন বিশ্ব মিডিয়ায় যখন খবরের শিরোনাম ছিল এই ঢাকা ট্র্যাজেডি, তখন ভারতের দিল্লিতে নিজেদের সাংস্কৃতিক পরিচয়কে আরও দৃঢ়ভাবে তুলে ধরলেন রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে বাংলাদেশের কয়েকজন শিল্পী। মিলনায়তন-পূর্ণ দর্শকদের তাঁরা বুঝিয়ে দিলেন, যে নৃশংসতার খবরে ব্যথিত সবাই, সে দেশ আসলে কেমন? গানে, সুরে, সংস্কৃতিতে কতটা স্বয়ংসম্পূর্ণ। সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারা ২ জুলাই দিল্লির আজাদ ভবনের আইসিসিআর মিলনায়তনে পরিবেশন করে গীতাঞ্জলির গান। পরিবেশনা শুরুর আগে হলভর্তি দর্শকদের নিয়ে নীরবতা পালন করে হলি আর্টিজান হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জ্ঞাপনপর্বে কথা বলা হয় বাংলাদেশের সাংস্কৃতিক শক্তি নিয়েও।
ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) আমন্ত্রণে এই প্রথম রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা তাঁর সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারার শিল্পীদের নিয়ে ঘুরে এলেন কলকাতা, লক্ষ্ণৌ ও দিল্লি। বন্যার নেতৃত্বে সুরের ধারার ১৭ জনের একটি দল এ সাংস্কৃতিক সফরে যায়। প্রথমে ২৮ জুন কলকাতার রবীন্দ্রসদনে অল ইন্ডিয়া রেডিওর নতুন সম্প্রচার কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সুরের ধারা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে সুরের ধারার সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নমূলক কার্যক্রম মিউজিক ফর ডেভেলপমেন্টের শিশুরা।
এরপর ৩০ জুন কবি অতুল প্রসাদ সেনের স্মৃতিধন্য শহর লক্ষ্ণৌয়ে রবীন্দ্রসংগীত আলেখ্য গানের ভেলায় নিয়ে যান সুরের ধারার শিল্পীরা। রবীন্দ্রনাথের গান-সুরবিষয়ক কিছু গান এবং এই গানগুলো সম্পর্কে বন্যার উপলব্ধির ব্যাখ্যা ভাষ্যে সাজানো হয়েছে গানের ভেলায় আলেখ্যটি। শতবর্ষ-পুরোনো ঐতিহ্যবাহী ‘বেঙ্গল ক্লাব’-এ আয়োজিত এ অনুষ্ঠান সঞ্চালনা ও ভাষ্য পাঠ করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি সুরের ধারার শিল্পীদের সঙ্গে সংগীত পরিবেশন করেন।