সুস্মিতা সেন মুগ্ধ এলিটার গায়কিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি সংগীতশিল্পী এলিটা করিমের গান শুনে মুগ্ধ হয়েছেন বলিউডের অভিনেত্রী সুস্মিতা সেন। রোববার সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত ফ্যাশন শোর অনুষ্ঠানে গান পরিবেশন করেন এলিটা। একই অনুষ্ঠানে গেয়েছে ব্যান্ড নেমেসিসও। অনুষ্ঠানের মঞ্চে বাংলাদেশের এই ব্যান্ড ও শিল্পীর গানের বেশ প্রশংসা তো করেছেনই, পাশাপাশি অনুষ্ঠান শেষে নিজের ভালো লাগার কথা আরও ভালোভাবেই তাঁর টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন ভারতের এ তারকা।

এলিটা করিম- সুস্মিতা সেন
এলিটা করিম- সুস্মিতা সেন

সংগীতশিল্পী এলিটাকে উদ্দেশ করে সুস্মিতা টুইটারে লিখেছেন, ‘কত সুন্দর গায়কি তোমার! মঞ্চ তোমাকে ভালোবাসে। একই রকমভাবে আমিও তোমায় ভালোবাসি।’ সোমবার দুপুরে সুস্মিতা সেন এ কথাগুলো তাঁর টুইটারে তাঁর অ্যাকাউন্ট থেকে লেখেন। এর আগে এলিটা নিজেও টুইটারে সাবেক এই মিস ইউনিভার্সকে বাংলাদেশে আসার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন।

এলিটা তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘এটি একটি সফল অনুষ্ঠান। সুস্মিতা সেন, আপনাকে ধন্যবাদ মঞ্চে আমার নামটি আলাদাভাবে নেওয়ার জন্য। আপনি সব সময়ের জন্য আমার অনুপ্রেরণা।’

এদিকে প্রথম আলোর সঙ্গে আলাপে এলিটা বলেন, ‘আমরা একই অনুষ্ঠানে থাকলেও তাঁর সঙ্গে দেখা করার কোনো সুযোগ হয়নি। আমার অংশের কাজ শেষ হওয়ার পর পরই আমি অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে আসি। আমাদের গানেরও অনেকক্ষণ পর তিনি স্টেজে আসেন। শুনেছি, তিনি স্টেজে উঠে অনেক কিছু বলার পর নাম উল্লেখ করে নেমেসিস ও আমার গানের প্রশংসা করেছেন। ব্যাপারটা আমার কাছে দারুণ লেগেছে। তাঁর আন্তরিকতায় মুগ্ধ না হয়ে পারিনি। উনি কিন্তু মঞ্চে আমাদের নাম না বললেও পারতেন। বিষয়টা আমাকে অনেক বেশি স্পর্শ করেছে।’

গত রবিবার সন্ধ্যায় ঢাকায় ‘ট্রেসমে’ ব্র্যান্ডের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন সুস্মিতা সেন। অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করেন নেমেসিস ব্যান্ড ও এলিটা। আর অনুষ্ঠানের শেষভাগে মঞ্চে এসে এ দুজনের গানের প্রতি নিজের মুগ্ধতার কথা বলেন সুস্মিতা সেন।