
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে জন ম্যাকলাফলিনের জন্য অপেক্ষা। যখন তিনি বেরিয়ে এলেন, ঘড়িতে তখন রাত প্রায় সাড়ে নয়টা। সত্তরোর্ধ্ব এই বর্ষীয়ান ভদ্রলোকের শরীরী ভাষায় মনে হচ্ছিল না যে পথের ধকল তাঁকে এতটুকু বিচলিত করেছে। মনে হচ্ছিল, চাইলে এখনই গিটারে ছড়িয়ে দিতে পারেন সুরমূর্ছনা। ব্লুজ কমিউনিকেশনের আমন্ত্রণে তিনদিনের জ্যাজ অ্যান্ড ব্লুজ ফেস্টিভ্যােল অংশ নিতে তিনি ঢাকায় এসেছেন।
একটু পেছনে ফিরে যাই। ১৯৭০ কিংবা ৭১-এর কথা। একটি অনাড়ম্বর অনুষ্ঠানে ভারতীয় তবলাশিল্পী জাকির হোসেনের তবলার সঙ্গে গিটার বাজান জন ম্যাকলাফলিন। তখন থেকেই এ দুই শিল্পীর মধ্যে দারুণ বন্ধুত্ব। সেই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশে জন্ম নেওয়া সরোদ কিংবদন্তি ওস্তাদ আলী আকবর খাঁ। তিনি শুনেছিলেন পশ্চিমা গিটার আর উপমহাদেশীয় তবলার অদ্ভুত মিশেল। এর কিছুদিন পরই খান সাহেবের বাড়ি থেকে নেমন্তন্ন আসে জনের কাছে। জাকির হোসেনের সঙ্গে তিনি সেখানে হাজির হন। ওস্তাদ আলী আকবর খাঁ তাঁদের সামনে সরোদ নিয়ে বসেন। সেদিন খুব মন দিয়ে খান সাহেবের সরোদ শুনেছিলেন জন ম্যাকলাফলিন। খান সাহেবের সুর সেদিন এমনভাবে ম্যাকলাফলিনের মনে গেঁথে যায়, যা তাঁকে পরবর্তী সময় টেনে নিয়ে আসে এই উপমহাদেশে। জ্যাজ গানের কিংবদন্তির সঙ্গে তাই এ অঞ্চলের সম্পর্ক বহু বছর আগেরই বলা চলে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেলে ফেরার সময় গাড়িতে যখন তাঁর সঙ্গে কথা হয়, তখন মনেই হচ্ছিল না অপরিচিত কারও সঙ্গে কথা বলছি।
জন ম্যাকলাফলিন এবারই প্রথম এসেছেন বাংলাদেশে। কিন্তু শুরুর গল্পটাই বলে দেয় এই অঞ্চলের সঙ্গে তাঁর সম্পর্কের বয়স। এ দেশের শ্রোতাদের কাছে তাঁর নামটি খানিকটা অপরিচিত হলেও তাঁর সংগীত ধারণ করে এ উপমহাদেশের সুর। ভারতীয় আধ্যাত্মিক গুরু শ্রী চিন্ময় এই শিল্পীকে ‘মহাবিষ্ণু’ নামটি দিয়েছিলেন। আর গিটারিস্ট কার্লোস সান্তানাকে নাম দিয়েছিলেন ‘দেবাদ্বীপ’। জন ম্যাকলাফলিনের অতীত ঘেঁটে দেখা যায়, আধ্যাত্মিক এক সম্পর্কের টানেই এই শিল্পী ছুটে এসেছিলেন এ উপমহাদেশে। তাই গতকাল যখন বাংলাদেশের মাটিতে পা রাখলেন জন ম্যাকলাফলিন, অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রথমেই তিনি বললেন, ‘এখানে এবারই প্রথম এলাম। এটা আমার অনেক বড় আক্ষেপ, কেন এত দিন পর এ দেশে এলাম! বাংলাদেশের ব্যাপারে এটুকুই জানা আছে যে, এই স্বাধীন রাষ্ট্রের মানুষ দারুণ উদার। দুর্ভাগ্যের বিষয় হলো, এ দেশের সংগীতের সঙ্গে আমার তেমন পরিচয় নেই। তবে ইচ্ছে আছে এই সফর থেকে কিছু অভিজ্ঞতা নেওয়ার।’
আজ রাজধানীর সামরিক জাদুঘর মাঠে শুরু হওয়া ‘জ্যাজ অ্যান্ড ব্লুজ ফেস্টিভ্যাল ঢাকা ২০১৫’-এ বাংলাদেশের ইমরান আহমেদ কুইনটেট, ভারতের বসুন্ধরা বিদ্যালুর, যুক্তরাষ্ট্রের সাই মাইস্ট্রো ট্রিও’র পর থাকছে জন ম্যাকলাফলিনের পরিবেশনা। যুক্তরাজ্যে জন্ম নেওয়া এই জ্যাজ শিল্পী আজ রাত ১১টায় তাঁর গিটারের জাদু ছড়াবেন বাংলাদেশি ভক্তদের মাঝে। তবে সুরের জালে শহরকে বেঁধে ফেলার আগে গতকাল তিনি বললেন এ দেশের সুরের আর অধ্যাত্মবাদে জড়িয়ে যাওয়ার গল্প। বললেন, ইংল্যান্ডের ডগলাস হার্ডিং, ভারতের রমণ মহর্ষি, রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দর প্রভাব আছে তাঁর ওপর। হজরত এনায়েত খানের সুফি দর্শনও তাঁকে জীবনের বিভিন্ন পর্যায়ে প্রভাবিত করেছে। উপমহাদেশীয় এসব আধ্যাত্মিক ব্যক্তির অধ্যাত্মবাদ ও দর্শন ধারণ করার জন্য যুক্তরাষ্ট্র থেকে ভারত পর্যন্ত তিনি ছুটে এসেছেন বহুবার। এবার স্বল্প সময়ের জন্য বাংলাদেশে এসে তাঁর দর্শন কতটা প্রকাশ করতে পারবেন, তা তাঁর জানা নেই, তবে তাঁর পরিবেশনা নিয়ে আশা প্রকাশ করে জন বলেন, ‘এখানকার মানুষদের জন্য পরিবেশনা করব। এখন থেকেই নিজেকে প্রস্তুত করা শুরু করেছি। সবকিছু যাচাই করে সম্পূর্ণ প্রস্তুত হয়েই মঞ্চে উঠব। কারণ, আমি এবং আমার দল দিতে চাই আমাদের সেরাটাই।’
জন ম্যাকলাফলিন তাঁর অধ্যাত্মবাদকে ঢেলেছেন জ্যাজ সংগীতের মধ্যে। জ্যাজের সুরে তিনি তাঁর দর্শনকে ফুটিয়ে তুলেছেন। নিজের ধ্যান আর ভক্তির প্রকাশ ঘটাতে যেকোনো ঘরানাই হতে পারে উপযুক্ত মাধ্যম, এর বার্তা ম্যাকলাফলিন তাঁর গিটারের স্ট্রিংয়ে আঙুল ছুঁইয়েই শ্রোতাদের দিয়ে দেন। সেই বার্তাই তিনি আজ ছড়াবেন ঢাকার বাতাসে। তাই ম্যাকলাফলিনের গিটারের আঙুল ছোঁয়ানোর অপেক্ষাতেই বুঁদ এখন সংগীতপ্রেমীরা।