সেলেনার কাছে গানে গানে ক্ষমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলেনা গোমেজ
ছবি: এএফপি

২০১০ ও ২০১১ সালের কথা। মার্কিন র‍্যাপার টাইলর বিশ্রী ভাষায় টুইট করেছিলেন পপশিল্পী সেলেনা গোমেজকে উদ্দেশ করে। কাজটা যে ভালো করেননি, এত বছর পরে বোধোদয় হলো। নতুন গানে তাই সেলেনার কাছে ক্ষমা চাইলেন এই তরুণ র‍্যাপার।
‘টাইলর, দ্য ক্রিয়েটর’ তাঁর মঞ্চের পরিচয়। ওই সময়ে তিনি ছিলেন ১৯, আর সেলেনা ১৮। জাস্টিন বিবারের সঙ্গে তখন চুটিয়ে প্রেম করছিলেন সেলেনা। বিবার ও টাইলর ছিলেন বন্ধু। এই প্রেম মানতে পারছিলেন না টাইলর। সেলেনাকে নিয়ে টুইটারে তাই বাজে মন্তব্য করেছিলেন তিনি।

সেলেনা গোমেজ

তখন টাইলর ছিলেন তরুণ। ঝোঁকের বশে মন্তব্য করেছিলেন। কিন্তু সেলেনার কাছে ক্ষমা চাইবেন কীভাবে? তাই বেছে নিলেন এই শৈল্পিক উপায়। ২৫ জুন শুক্রবার প্রকাশিত হয়েছে তাঁর নতুন অ্যালবাম ‘কল মি ইফ ইউ গেট লস্ট’। সেখানে ‘ম্যানিফেস্টো’ গানে তাঁর সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন টাইলর।

মার্কিন র‍্যাপার টাইলর

তবে আগে থেকেই টাইলর ও সেলেনার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। ২০১৩ সালে এক সাক্ষাৎকারে টাইলর জানিয়েছিলেন, তাঁরা কেউ কাউকে পছন্দ করেন না। সে যাই হোক। তাঁর এই ক্ষমা চাওয়ার পদ্ধতি যে দারুণ, বলার অপেক্ষা রাখে না। যদিও এ ব্যাপারে সেলেনা গোমেজ এখনো কোনো মন্তব্য করেননি।

সেলেনা গোমেজ

গান আর অভিনয়ে জন্য ছোটবেলা থেকেই তারকাখ্যাতি পেয়েছেন সেলেনা গোমেজ। মাত্র ২৭ বছর বয়সী এই মার্কিন শিল্পী একাধিকবার জিতেছেন গ্র্যামি অ্যাওয়ার্ড। বিভিন্ন পত্রিকা, সাময়িকী আর প্রতিষ্ঠানের জরিপে প্রভাবশালী অনূর্ধ্ব-৩০ ব্যক্তিত্বের তালিকায় উঠে এসেছে তাঁর নাম।