সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বাউলসংগীত সম্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেখ দেখ মন রাই হয়েছে উদয় কী আনন্দময় এই সাধবাজারে’—স্লোগান ধারণ করে শুরু হয়েছে প্রথম নিখিলবঙ্গ বাউলসংগীত সম্মিলনী। আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা শ্রী শ্রী আনন্দময়ী আশ্রম প্রাঙ্গণে এই সম্মিলনীর আয়োজন করেছে লালন বিশ্বসংঘ। ফকির লালন সাঁইয়ের ১২৫তম তিরোধান দিবস সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিন পর্বে বিভক্ত ঢাকার পর্বের উদ্বোধক কুষ্টিয়ার ছেঁউড়িয়া লালন ধামের খাদেম ফকির মোহাম্মদ আলী শাহ। প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য কণ্ঠশিল্পী ফরিদা পারভীন, সাবেক সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন লালন বিশ্বসংঘের নির্বাহী পরিচালক আবদেশ মাননান।

পূর্ববঙ্গের কুষ্টিয়া, চুয়াডাঙা, মেহেরপুর, ফরিদপুর ও ময়মনসিংহ, পশ্চিমবঙ্গের নদিয়া মুর্শিদাবাদ, বর্ধমান ও বীরভূমের অর্থ শতাধিক বাউল এই উৎসবে অংশ নিচ্ছেন। সন্ধ্যায় শুরু হয়ে রাতভর চলবে লালনের আধ্যাত্মিক গান পরিবেশনা। শুরু থেকে পালাক্রমে প্রচলতি-অপ্রচলিত গান পরিবেশন করছেন শিল্পীরা।
লালন পরিবেশনার পাশাপাশি মঞ্চের ডান পাশে চলে সাধুসঙ্গ। লালন ভক্ত-অনুরাগীদের পদচারণায় মুখর ছিল আনন্দময়ী প্রাঙ্গণ। তিন দিনের এই সম্মীলনীতে অংশ নিচ্ছেন ঢাকার ফরিদা পারভীন, চন্দনা মজুমদার, মীনা বড়ুয়া, দিল আফরোজ রেবা, কুষ্টিয়ার অঞ্জলি ঘোষ দুর্গা, টুনটুন বাউল, কোহিনুর বেগম, ঝিনাইদহের জহুরা বেগম, আবদুল মনসুর আলী মাহ, ফকির সাত্তার শাহ, ময়মনসিংহের সুনীল কর্মকার, ফরিদপুরের কৃষ্ণকীর্তন দাস, আজমল শাহ, চুয়াডাঙ্গার ফকির হোসেন আলী শাহ, রইসউদ্দিন শাহ, গেদন শাহ, আবুল হোসেন শাহ, তৌহিদুর রহমান, তারা চাঁদ শাহ, অলিয়ার শাহ প্রমুখ। ভারতের নদিয়া থেকে অংশ নিচ্ছেন বীরেন্দ্র নাথ দাস বাউল, সুভদ্রা শর্মা, ইলা বিশ্বাস, আয়ুশী বিশ্বাস, মুর্শিদাবাদের লাল মোহাম্মদ, সৌমেন বিশ্বাস, বীরভূমের নিতাই দাস বাউলম বর্ধমানের আবদুল হালিম, গোলাম মন্ডল, নূর আলম প্রমুখ।
তিনদিনের বাউলসংগীতের সম্মিলনীর দ্বিতীয় দিন কাল শনিবার বিকেল তিনটা থেকে রাতভর থাকবে নানা আয়োজন। পরশু রোববার দেওয়া হবে বাউল সম্মাননা। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিন পর্বের সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরু হবে শেরপুরের শ্রীবরদী উপজেলায় কর্নঝোরা রাজা পাহাড়ে। তৃতীয় ও শেষ পর্বের আয়োজন বসবে ১৫ অক্টোবর কুষ্টিয়ার লালন ধামে। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।