সৈয়দ হকের কবিতা নিয়ে গান গাইলেন ফাহমিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ শামসুল হক ও ফাহমিদা নবী
সৈয়দ শামসুল হক ও ফাহমিদা নবী

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক মারা যাওয়ার পরদিন প্রথম আলোয় প্রকাশিত হয় ‘মৃত্তিকার ঘন অন্ধকারে’ নামে একটি কবিতা। এই কবিতাটিতে সুরারোপ করা হয়েছে। আর তাতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। সম্প্রতি গানটিতে কণ্ঠ দেওয়ার কাজ শেষ হয়। আর আগামীকাল শনিবার রাতে বাংলাদেশে টেলিভিশনের পর্দায় গানটি প্রচারিত হবে। প্রথম আলোর সঙ্গে আলাপে বিষয়টি নিশ্চিত করেছেন ফাহমিদা নবী।
সৈয়দ শামসুল হক স্মরণে বাংলাদেশ টেলিভিশনের উদ্যোগে নির্মিত হয়েছে ‘হৃৎ​কলমের টানে’ নামের একটি অনুষ্ঠান। আফজাল হোসেনের গ্রন্থণা, পরিকল্পনা ও পরিচালনায় এতে আরও অনেক শিল্পী কবির লেখা গানে কণ্ঠ দিয়েছেন। অনুষ্ঠানে কবির সৃষ্টি নিয়ে আলোচনা করেছেন গুণীজনেরা।
হাসপাতালের বিছানায় শুয়ে লেখা সৈয়দ শামসুল হকের লেখা কবিতা নিয়ে গান গাওয়ার ব্যাপারটিকে জীবনের এক স্মরণীয় ঘটনা বলে মনে করছেন ফাহমিদা নবী।

‘মৃত্তিকার ঘন অন্ধকারে’ কবিতায় সুর করেছেন প্রখ্যাত সংগীত পরিচালক শেখ সাদী খান। ফাহমিদা নবী বলেন, ‘হক চাচার লেখা কবিতাটি নিয়ে গান গাইতে পেরেছি, এটা আমার জন্য অনেক সৌভাগ্য। গানটি গাইবার সময় গানের কথাগুলোর মর্মার্থ অনুভব করার চেষ্টা করেছি। তিনি তাঁর কবিতায় যে প্রশ্ন রেখে গেছেন তার উত্তর খুঁজে পাওয়া সত্যিই কঠিন। শুরুতে গানের ভিতর প্রবেশ করতে পারছিলাম না। যখন গানের ভিতরে আমি হারিয়ে যাই তখন আর নিজেকে খুঁজে পাইনি।’
‘হৃৎ​কলমের টানে’ অনুষ্ঠানে সৈয়দ শামসুল হকের লেখা অন্য গানগুলো নতুন করে গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, দিনাত জাহান, কোনাল ও সাব্বির। আলোচনায় অংশ নেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নাট্যজন আলী যাকের, রামেন্দু মজুমদার, কবি আসাদ চৌধুরী, নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সাংবাদিক ও কথাসাহিত্যিক আনিসুল হক প্রমুখ।