সৈয়দ হকের চারটি গান পেলেন এন্ড্রু কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ শামসুল হক l ছবি: প্রথম আলো
সৈয়দ শামসুল হক l ছবি: প্রথম আলো

গত শনিবার প্রথম আলোর সাপ্তাহিক ক্রোড়পত্র ‘ছুটির দিনে’ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে নিয়ে ‘তিনি যদি আরও কয়েকটা গান দিয়ে যান...’ শিরোনামে সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের একটি লেখা প্রকাশিত হয়। সেই লেখায় এন্ড্রু কিশোর যে ইচ্ছা প্রকাশ করেছিলেন, দিন না পেরোতেই তা পূরণ হয়ে যায়। একই দিন বার সন্ধ্যায় অসুস্থ কবিকে দেখতে গেলে সৈয়দ হক তাঁকে নতুন চারটি গান উপহার দেন। এই উপহারকে এন্ড্রু কিশোর তাঁর জীবনের সেরা উপহার বলে প্রথম আলোকেজানিয়েছেন।

দীর্ঘ সংগীতজীবনে সৈয়দ শামসুল হকের লেখা চারটি গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর। একটির জন্য এই সংগীতশিল্পী পেয়েছিলেন জাতীয় পুরস্কারও। শনিবার সন্ধ্যার পর অসুস্থ কবিকে দেখতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ছুটে যান তিনি। প্রিয় কবির সঙ্গে মিনিট দশেক সময় কাটানোর সুযোগ হয় তাঁর। গতকাল রোববার বিকেলে প্রথম আলোর সঙ্গে আলাপে এন্ড্রু কিশোর বলেন, ‘শনিবার প্রথম আলোয় হক ভাইকে নিয়ে আমার লেখা প্রকাশিত হয়। সেই লেখা পড়ে আমার বন্ধু ফারুক হক ভাইয়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে। তারপরই দুজন গেলাম।’

এন্ড্রু কিশোর
এন্ড্রু কিশোর

হাসপাতালে সৈয়দ শামসুল হকের মুখোমুখি হতেই তিনি এন্ড্রু কিশোরকে ইশারায় কাছে ডাকেন। কবির স্ত্রী আনোয়ারা সৈয়দ হকের কাছ থেকে অনুমতি নিয়ে সৈয়দ হকের পাশে গিয়ে দাঁড়ান এন্ড্রু কিশোর। এরপর সব্যসাচী লেখক এন্ড্রু কিশোরকে চার লাইন গান গাইতে বলেন। শিল্পী তখন ‘হায় রে মানুষ রঙিন ফানুস’ আর ‘চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা’ গান দুটি গেয়ে শোনান।
এরপরের ঘটনা বর্ণনা করে এন্ড্রু কিশোর বলেন, ‘বিদায় নেব, সে সময় আবার হক ভাই ডাকলেন। বললেন, “এই শরীর খারাপ অবস্থায় হাসপাতালে বসে আমি চারটা গান লিখেছি। চারটা গান তোমাকেই দিতে চাই।” আমি সঙ্গে সঙ্গে ভীষণ খুশি হয়ে যাই। বললাম, আমি নাহয় গাইব, কিন্তু গানগুলোর সুর করবে কে?’
হক ভাই জবাব দিলেন, ‘কে আবার, আলম। আলম খান।’
এন্ড্রু কিশোর বলেন, ‘আমি তাঁকে বলিনি যে আলম ভাই অসুস্থ। হাসপাতাল থেকে বের হয়েই আলম ভাইকে ফোন করলাম। তিনি ভীষণ খুশি হলেন। কিন্তু দুঃখজনক হচ্ছে, আজ (রোববার) সকালেই শুনলাম, আলম ভাইও হাসপাতালে। আমি চেষ্টা করব গানগুলো যত দ্রুত সম্ভব তৈরি করে হক ভাইয়ের হাতে তুলে দিতে।’