সোলসের নতুন গান, মডেল আমব্রিন

প্রায় পাঁচ বছর আসছে জনপ্রিয় ব্যান্ডদল সোলসের নতুন গান। সোলস ভক্তদের জন্য সুখবর হচ্ছে, পয়লা বৈশাখে নতুন গানটি ভিডিও আকারেই প্রকাশ পাচ্ছে। সোলসের একক এই গানটির শিরোনাম ‘চাই চাই’। এটি লিখেছেন শেখ রানা।
সম্প্রতি নেপাল, কক্সবাজার ও ঢাকার বিভিন্ন লোকেশনে এই গানটির দৃশ্যায়ন করা হয়েছে। গানটির ভিডিওতে মডেল হয়েছেন মডেল ও উপস্থাপিকা আমব্রিন।
দীর্ঘ বিরতির পর গান প্রকাশ প্রসঙ্গে সোলস ব্যান্ডের অন্যতম সদস্য পার্থ বড়ুয়া বলেন, ‘সোলসের নতুন অ্যালবামের জন্য বেশকটি গান তৈরি করেছি। কিন্তু এখনই অ্যালবাম প্রকাশ করছি না। পয়লা বৈশাখ উপলক্ষে সোলস ভক্তদের জন্য নতুন একটি গান উপহার দিতে যাচ্ছি। গানটির ভিডিও তৈরি করে ফেলেছি। আশা করছি নতুন গানটি শ্রোতাদের ভালো লাগবে’।

পার্থ বড়ুয়া আরও বলেন, প্রতি মাসেই সোলসের একটি করে ভিডিও গান প্রকাশ করার ইচ্ছা আছে। কারণ শ্রোতারা এখন গান শোনার পাশাপাশি দেখতেও ভালোবাসে। আমি শ্রোতাদের নিরাশ করতে চাই না।’
এরই মধ্যে তিনটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। ‘চাই চাই’ গানটি এপ্রিলের প্রথম সপ্তাহে পার্থ বড়ুয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানালেন। উল্লেখ্য, ২০১১ সালে সোলসের ‘জ্যাম’ অ্যালবামটি প্রকাশ পায়।