স্কটল্যান্ড মাতাতে আসছেন রড স্টুয়ার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৪ সালে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে গাইছেন রড স্টুয়ার্ট
২০১৪ সালে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে গাইছেন রড স্টুয়ার্ট

রড স্টুয়ার্ট আসছেন শুনেই স্কটল্যান্ডের কিলমারনক শহরের মানুষেরা রোমাঞ্চিত। যদিও এই আসা মানে এখনই এসে হাজির হচ্ছেন না এই কিংবদন্তি রকস্টার, তাঁকে কাছ থেকে দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী বছর জুন পর্যন্ত, কিন্তু তাতে কি আর উৎসাহে ভাটা পড়ে? কিলমারনকের রাগবি পার্ক তাই এখন থেকেই সাজতে লেগেছে।
মাত্র অল্প কয়েক দিন আগেই রক সংগীতের এই সুপারস্টার তাঁর ভ্রমণ পরিকল্পনা প্রকাশ করেছেন। ২০১৬ সালের এই ভ্রমণ শুরু হবে ব্রিটিশ রকস্টার রড স্টুয়ার্টের নতুন স্টুডিও অ্যালবাম ‘অ্যানাদার কান্ট্রি’র মুক্তির আগে। যুক্তরাজ্যের আটটি স্টেডিয়ামে গাইবেন রড স্টুয়ার্ট, এর মধ্যে স্কটল্যান্ডের কিলমারনক ছাড়াও ইসভারনেসের ক্যালেডোনিয়ান স্টেডিয়ামও আছে, তাই স্কটল্যান্ডবাসীর মুখ খুশিতে উজ্জ্বল।
এই খুশিতে একাত্ম হয়েছেন কিলমারনকের চেয়ারম্যান জিম মান। তিনি বলেছেন, ‘রড স্টুয়ার্টের মতো একজন সুপারস্টারকে আমাদের শহরে অতিথি করে আনতে পারছি, এতে আমি যার পর নাই রোমাঞ্চিত। রাগবি পার্কের আশপাশে রডের অনেক ভক্ত রয়েছেন। তাঁরা তাঁদের প্রিয় শিল্পীকে কাছ থেকে দেখতে পারবেন, তাঁর কথা শুনতে পারবেন, এটা এক দুর্লভ অভিজ্ঞতা হবে।’
যদিও রড স্টুয়ার্টের সফর আগামী বছর জুন মাসে, কিন্তু সামনের শুক্রবার সকাল ৯টা থেকেই শুরু হয়ে যাবে টিকিট বিক্রি।
রড স্টুয়ার্টের জন্ম ১৯৪৫ সালে। অর্থাৎ এখন তাঁর সত্তর বছর বয়স। ষাটের দশকে তিনি শুরু করেছিলেন তাঁর গানের ক্যারিয়ার। সত্তর-আশিতে ছিলেন খ্যাতির চূড়ায়। নব্বই দশকেও তিনি ছিলেন জনপ্রিয়। কিন্তু নতুন শতাব্দীতে রড স্টুয়ার্ট শেষ হয়ে যাননি। এই শতকের বিভিন্ন বছরেও নিজের সৃষ্টি দিয়ে চমকে দিচ্ছেন সংগীতজগৎকে। দ্য রেকর্ড।