স্কুলের বন্ধুকে বিয়ে করেছেন হৃদয়

‘হুমায়রা আমার স্কুলের বন্ধু। আমরা একসঙ্গে ও লেভেল করেছি। মাঝে অনেক দিন যোগাযোগ ছিল না। গত বছর ওর সঙ্গে আবার যোগাযোগ হয়। আমরা বিয়ের কথা ভেবেছি কিছুদিন আগে। তখন বাসা থেকেও আমার বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছিল। এরপর মা-বাবাকে হুমায়রার কথা জানিয়েছি। বিয়ের সবকিছু তাঁরাই করেছেন।’ বললেন সংগীতশিল্পী হৃদয় খান। ১০ সেপ্টেম্বর ধানমন্ডিতে হুমায়রার বাবার বাসায় তাঁদের আকদ হয়েছে। আগের দিন সন্ধ্যায় হয়েছে গায়েহলুদ।
হৃদয় খান জানান, হুমায়রা পড়াশোনা করেছেন মালয়েশিয়ায় মনাশ বিশ্ববিদ্যালয়ে। ইন্টারন্যাশনাল বিজনেস বিষয়ে সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে হৃদয়ের বাবা রিপন খান বলেন, ‘রোববার সন্ধ্যায় ধানমন্ডিতে মেয়ের বাবার বাসায় আকদ হয়েছে। ভেবেছিলাম জানুয়ারি মাসে একটা অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব। সেটা আর হলো না। তার আগেই সবাই জেনে গেছে।’
এর আগে মডেল ও অভিনয়শিল্পী সুজানা জাফরকে বিয়ে করেন হৃদয় খান। আড়াই বছর আগে হৃদয় খান ও সুজানার বিবাহবিচ্ছেদ হয়।