
প্রেম নাকি সৃষ্টির প্রেরণা। মার্কিন পপশিল্পী গিউয়েন স্টেফানির ক্ষেত্রে ব্যাপারটি তেমনই। ১৩ বছর পর স্বামী গ্যাভিন রোজডেলের সঙ্গে হলো বিচ্ছেদ। সেটাকেও তিনি নিয়েছিলেন এক ‘অনাকাঙ্ক্ষিত উপহার’ হিসেবে। বিচ্ছেদ তাঁকে দিয়েছিল একগুচ্ছ হৃদয়গ্রাহী গান।
নিজের সমসাময়িক শিল্পীদের মতো স্টেফানির জীবনে বহু পুরুষের আনাগোনা ছিল না। যাঁরা ছিলেন, তাঁদের সবাই নাকি প্রেরণাই জুগিয়েছেন এই পপশিল্পীকে। নিজের গানের দল ‘নো ডাউট’–এর সদস্য টনি ক্যানাল, স্বামী গ্যাভিন রোজডেল কিংবা প্রেমিক ব্লেক শেলটনের সঙ্গে প্রেমের সূচনালগ্নে, প্রেমের তুঙ্গস্পর্শী সময়ে ও শেষমেশ বিচ্ছেদে দারুণ কিছু গান লিখেছেন তিনি। সেগুলো গেয়ে কেড়ে নিয়েছেন ভক্ত-শ্রোতার মন। সন্তানের মা হওয়ার সময়কার আবেগও ঢেলে দিয়েছেন কোনো কোনো গানে। এই দীর্ঘ ভ্রমণ তাঁর ভক্তদের দিয়েছে ‘ডোন্ট স্পিক’, ‘সানডে মর্নিং’, ‘এক্স গার্লফ্রেন্ড’, ‘সিম্পল কাইন্ড অব লাভ’, ‘আন্ডারনেথ ইট অল’, ‘কুল’, ‘আর্লি উইন্টার’, ‘ইউজড টু লাভ ইউ’ ও ‘মেক মি লাইক ইউ’-এর মতো গানগুলো। সেগুলোর জন্য পেয়েছেন গ্র্যামি, বিলবোর্ডসহ বিশ্বের সম্মানজনক সব পুরস্কার। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘জীবনে আসা পুরুষদের অনুপ্রেরণার একটি ফোঁটাও অপচয় করিনি আমি।’
এ বছরই প্রকাশিত হয়েছে স্টেফানির নতুন অ্যালবাম ‘দিস ইজ হোয়াট দ্য ট্রু ফিল্স লাইক’। মে মাসে প্রকাশিত হয় প্রেমিক শেলটনের সঙ্গে দ্বৈতকণ্ঠে ‘গো অ্যাহেড অ্যান্ড ব্রেক মাই হার্ট’ গানটির ভিডিও।
ইয়াহু অবলম্বনে