স্পষ্টভাষী লেডি গাগা

‘আমি হয়তো তেমন কিছু নই, কিন্তু আমি গান লিখতে পারি, গান গাইতে পারি।’ সংগীতশিল্পী লেডি গাগাকে নিয়ে যারা নেতিবাচক মন্তব্য করে আসছিলেন, তিনি সফল হবেন না, এমন কথা যারা বলতেন; বিলবোর্ডের বার্ষিক ‘উইমেন ইন মিউজিক’ অনুষ্ঠানে উচ্ছ্বসিত দর্শক সারির দিকে ফিরে এই সংগীত তারকা তাঁদের প্রতি এ কথা বলেন। তিনি বলেন, ‘এ জগৎ নারীর জন্য মাঝে মাঝে খুবই কঠিন হয়ে পড়ে।’
|বিলবোর্ডের বার্ষিক ‘উইমেন ইন মিউজিক’ অনুষ্ঠানে লেডি গাগার উপস্থিতি সব দর্শকের কাছে পরিষ্কার করে তোলে কেন এই ‘স্পষ্টভাষী’ সংগীতশিল্পীকে ‘উইমেন অব দ্য ইয়ার ২০১৫’ উপাধিতে ভূষিত করেছে তারা। অনুষ্ঠানে তাঁকে সবার সামনে পরিচয় করিয়ে দেন তাঁর মা সিন্থিয়া জার্মানোট্টা। এর পরপরই লাল প্যান্ট স্যুটে মঞ্চে আসেন গাগা। পিয়ানোতে সুরের ঝংকার তুলে গেয়ে ওঠেন তাঁর সর্বশেষ গান— ‘টিল ইট হ্যাপেন্স টু ইউ’।
যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী গাগার এ গানটিতে উঠে এসেছে এই সংগীতশিল্পীর প্রতিবাদী এক একাগ্রতার ছবি। গানের জগতে একজন নারীর যে জটিলতা— পুরস্কার গ্রহণের সময় তাঁর বক্তৃতায় সে কথা তুলে ধরেন লেডি গাগা।
লেডি গাগা বলেন, ‘এটা অনেকটা বয়েজ ক্লাবের মতো, যেখানে আমাদের প্রবেশাধিকার নেই। নারীরা গানে যে মাত্রা দিয়েছেন; তা খুবই আলাদা ও বিশেষ কিছু। যে কেউ চাইলেই তা পেতে পারে না। কারণ, আমরা এমন সব পরিস্থিতির ভেতর দিয়ে যাই; যার ভেতর দিয়ে সাধারণত অন্য কেউ যেতে পারে না।’
বিলবোর্ডের এই অনুষ্ঠানে উপস্থিত সংগীত তারকা সেলেনা গোমেজ, কেলসি ব্যালেরিনি, ফিফথ হারমনি, লরেটা লিন, আলাবামা শেকস, ব্রিটনি হাওয়ার্ড, মিসি এলিয়ট, টরি কেলি, ডেমি লোভাটো এবং লানা ডেল রে, সবাইকেই মা থেকে শুরু করে শিল্পী— যে সব নারীরা তাঁদের পেশাজীবনে উৎসাহ দিয়েছেন, সমর্থন করেছেন, তাঁদের ওপর আস্থা রেখেছেন; তাঁদের সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়া হয়।
অনুষ্ঠানে ফিফথ হারমনি তাদের বিখ্যাত ‘ওর্থ ইট’ পরিবেশন করে। এ ছাড়া, ‘ডেসটিনি চাইল্ড’, ‘ইন্ডিপেনডেন্ট ওমেন’সহ বিভিন্ন নারী ব্যান্ড দলের গানও পরিবেশন করে তারা। সেলেনা গোমেজ তাঁর নতুন ঝড় তোলা গান— ‘সেম ওল্ড লাভ’-এর একটি নতুন সংস্করণ গেয়ে শোনান। ডেমি লোভাটো তাঁর ‘কনফিডেন্ট’ অ্যালবামের ‘স্টোন কোল্ড’ গানটি গেয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। সবশেষে এই অনুষ্ঠানে এলিয়ট সংগীতজগতে তাঁর ২০ বছরের বেশি সময়ের অভিজ্ঞতার বয়ানে সবাইকে আবেগে চোখে অশ্রু দিয়েছিলেন।
নিউইয়র্কে বিলবোর্ডের বার্ষিক ‘উইমেন ইন মিউজিক’ অনুষ্ঠিত হয়েছিল ১১ ডিসেম্বর এবং ১৮ ডিসেম্বর শুক্রবার এ অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। হলিউড রিপোর্টার। বিলবোর্ড ম্যাগাজিন।