স্প্যানিশ গিটারের সুর ঢাকায়

স্পেন থেকে ঢাকায় উড়ে এসেছেন গিটারশিল্পী ভিক্টর মঙ্গে। তিনি আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে পরিবেশন করবেন স্প্যানিশ ফ্ল্যামেঙ্কো গিটার পরিবেশনা। শিল্পকলা একাডেমীর সহযোগিতায় ‘সিরানিতো’ শিরোনামের এই গিটারসন্ধ্যার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট।
ফ্ল্যামেঙ্কো হলো স্পেনের লোকজ সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। স্পেনের ফ্ল্যামেঙ্কো নাচ, গান এবং যন্ত্রসংগীত পরিবেশনা বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়। এ কারণেই ঢাকায় আজ বসছে ফ্ল্যামেঙ্কো গিটার পরিবেশনার এই আয়োজন। আজকের অনুষ্ঠানে দর্শক কাতারে অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের স্পেনের ভাষা ও সংস্কৃতি বিভাগের সমন্বয়কারী আমপারো পোর্তা রিভাস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।