স্বপ্ন নিয়ে ব্যান্ড ফেস্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যান্ড ফেস্ট এ কাজী হাবলুর সেলফিতে আইয়ুব বাচ্চু
ব্যান্ড ফেস্ট এ কাজী হাবলুর সেলফিতে আইয়ুব বাচ্চু

‘মানুষ তার স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। ব্যান্ড ফেস্টের স্বপ্ন, আগামী বছর আরও বড় পরিসরে অনুষ্ঠানটি হবে। হয়তো আমরা খোলা জায়গায় বা খোলা ময়দানে চলে যাব।’ চ্যানেল আইয়ের আয়োজনে শুরু হওয়া ব্যান্ড ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই বললেন ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। ২৭টি ব্যান্ড নিয়ে আজ বৃহস্পতিবার সকালে ​চ্যানেল আইয়ের চেতনা চত্বরে শুরু হয়েছে ব্যান্ড ফেস্ট। এটি তাদের তৃতীয় আয়োজন। 

ব্যান্ডসংগীতকে বিশ্বদরবারে পরিচিত করার লক্ষ্যে বিজয়ের মাসের প্রথম দিনে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে শুরু হয়েছে ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৬’। শুরুতেই গান পরিবেশন করেন পপসম্রাট আজম খানকে স্মরণ করে তাঁরই গড়া ব্যান্ড ‘উচ্চারণ’।
বিকেল পাঁচটা পর্যন্ত চলতে থাকা এই অনুষ্ঠানে অন্য ব্যান্ডের মধ্যে পারফর্ম করবে এলআরবি, রেনেসাঁ, অবসকিওর, বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস, ব্ল্যাক, জলের গান, ডিফারেন্ট টাচ, শিরোনামহীন, তীরন্দাজ, দুরবিন, স্পদন, নীল জিনস, বাংলাদেশ, মেট্রিক্যাল, কার্নিভ্যাল, দ্য ম্যানেজার, তরুণ, কনক্লুশন, সিন, পরাহো, যাত্রী ও ইনফার্নো।
তরুণ শিল্পীদের ধন্যবাদ জানিয়ে শিল্পী ফকির আলমগীর বলেন, ‘বর্তমান প্রজন্মের তরুণেরা আজম খান, ফেরদৌস ওয়াহিদ, অপু, হ্যাপি আখান্দের দেখানো পথে এগিয়ে যাচ্ছে। তাদের এ পথচলা আরও সহজ করে দিয়েছে চ্যানেল আই। কারণ, যেখানেই তারুণ্য, সেখানেই চ্যানেল আই।’
বাপ্পা অ্যান্ড ফেন্ডসের পক্ষ থেকে বাপ্পা মজুমদার জুনিয়র ব্যান্ডদের স্বাগত জানিয়ে বলেন, ‘আজ সারাদিন আমরা উদ্‌যাপন করব, আর দর্শকেরা উপভোগ করবেন।’
ব্যান্ড ফেস্টের সহযোগিতায় রয়েছে ওয়েল ফুড এবং পাওয়ার্ড বাই সিম্ফনি। অপু মাহফুজ ও সিজনের উপস্থাপনায় পুরো আয়োজন সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।