স্বপ্নপূরণের পথে ন্যান্সি

স্কুলে পড়ার সময় জাতীয় শিক্ষা সপ্তাহে নজরুলসংগীত গেয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন ন্যান্সি। যেদিন প্রথম অ্যালবাম বের হলো, এর পর থেকেই নজরুলসংগীতের একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের স্বপ্ন দেখছেন। এবার তাঁর সেই স্বপ্ন পূরণ হওয়ার পালা। নজরুলসংগীতের একটি অ্যালবাম তৈরির কাজ শুরু করেছেন। জানালেন, এখানে গান থাকবে আটটি। গান বাছাই হয়ে গেছে। শিগগিরই রেকর্ডিংয়ের কাজ শুরু করবেন।
ন্যান্সি বললেন, ‘আমাদের দেশে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো শিল্পীদের আধুনিক গানের অ্যালবামের পৃষ্ঠপোষকতা করতেই আগ্রহী হয় না। আর নজরুলসংগীতের অ্যালবাম তো দূরের কথা! তাই আমি নিজ উদ্যোগেই নজরুলসংগীতের অ্যালবাম তৈরির কাজ করছি।’
ন্যান্সি আরও বললেন, ‘চলচ্চিত্রে আর আধুনিক গান গাওয়া নিয়ে এত ব্যস্ত থেকেছি যে নজরুলসংগীত গাওয়ার ব্যাপারে তেমন খেয়াল করতে পারিনি। এবার একটু সুযোগ পেয়েছি। দ্রুত অ্যালবামটির কাজ শেষ করব।’