>

দেড় যুগ পার করল গানের দল নেমেসিস। সম্প্রতি বেরিয়েছে তাদের তৃতীয় অ্যালবাম গণজোয়ার। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ভক্তদের নিয়ে এই অ্যালবামের মোড়ক খোলে দলটি। নতুন অ্যালবামসহ নানা বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বললেন দলটির অন্যতম সদস্য ও মূল কণ্ঠশিল্পী জোহাদ।

‘গণজোয়ার’-এর জন্য এত বড় আয়োজন কেন?
গত বছরের নভেম্বর মাসে মোটর কোম্পানি হোন্ডা আমাদের গানের দলকে তাদের শুভেচ্ছাদূত হওয়ার প্রস্তাব দেয়। তখনই প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা আমাদের নতুন অ্যালবামটির রেকর্ডিংয়ের কথা জানতে পারেন। তাঁরাই আমাদের এই প্রকাশনা অনুষ্ঠানের প্রস্তাব দেন। আমাদেরও মনে হলো, ব্যতিক্রম কিছু একটা হোক। এর আগে এত বড় প্রকাশনা অনুষ্ঠান আমরা কখনোই করিনি।
কত বছর পর অ্যালবাম এল?
আমাদের প্রথম অ্যালবাম অন্বেষণ প্রকাশিত হয় ২০০৫ সালে। এর ছয় বছর বিরতির পর তৃতীয় যাত্রা, তারপর গণজোয়ার।
‘গণজোয়ার’-এর গানগুলো কেমন?
নিজেদের গানে আমরা সাধারণত সামাজিক বিভিন্ন ইস্যু তুলে ধরার চেষ্টা করি। এবারও ব্যতিক্রম হয়নি। ১০টি গানে ব্যক্তিগত হতাশা, রাজনৈতিক বোঝাপড়া, তরুণদের উদ্বুদ্ধ করা, দুর্নীতি থেকে দূরে থাকার আহ্বানের কথা রয়েছে। সব কটি গান আমিই লিখেছি। আশা করছি, গণজোয়ার তরুণদের হৃদয়ে জোয়ার বইয়ে দেবে।
আপনাদের ব্যান্ডের এখনকার কার্যক্রম কী?
ব্যান্ড মিউজিকের মার্কেট এমনিতেই লিমিটেড। আমাদের দেশে একক বা পপ ঘরানার শিল্পীরাই বেশিসংখ্যক শ্রোতার কাছে পৌঁছাতে পারেন। তবে ব্যান্ডের শ্রোতা কম হলেও তাঁরা কিন্তু ঘোর সমর্থক। তাঁরা ব্যান্ডের গান পাগলের মতোই শোনেন। আমরা যদি আরেকটু সচ্ছল হতাম, আরও বেশি গান করতে পারতাম। ঠিকমতো রয়্যালটি না পাওয়ায় অনেক সিনিয়র ব্যান্ডশিল্পী বহুদিন নতুন গান প্রকাশ করেন না। তবে ইদানীং অনেক প্রতিষ্ঠান শিল্পীদের ঠিকমতো সম্মানী দিচ্ছে, যেমন ইয়োন্ডার মিউজিক।
নেমেসিসকে নিয়ে আপনাদের স্বপ্ন কী?
১৯৯৯ সালে বন্ধুরা মিলে যখন ব্যান্ড গড়লাম, স্বপ্নেও ভাবিনি মানুষ আমাদের গান শুনবেন। তখন শুধুই বন্ধুদের জন্য গাইতাম। বিভিন্ন কালচারাল সেন্টারে প্রতি সপ্তাহে শো করতাম। অথচ তিনটি অ্যালবাম, বেশ কিছু একক গান বেরোবে—এসব সত্যিই ভাবিনি। আমাদের অনেক দূর যাওয়ার স্বপ্ন। দেশে অনেক শো করেছি। ব্যান্ড নিয়ে এবার বিদেশে যেতে ইচ্ছা করে।
সাক্ষাৎকার: মনজুর কাদের