স্বরিতের রাগাশ্রয়ী গান

স্বরিৎ ললিতকলা কেন্দ্রের প্রথম বর্ষপূর্তিতে গত শনিবার সন্ধ্যায় মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হলো রাগাশ্রয়ী সংগীতের এক মনোমুগ্ধকর অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম পর্বটি ছিল কথামালার।
সংগীত পর্বের শুরুতেই শিল্পী রিটন কুমার ধর আনন্দ কল্যাণ রাগে ‘এ রঙ্গিলা আয়া’ এবং ত্রিতাল মধ্যলয়ের বন্দিশ ‘রাজন আবতো আজা রে’ পরিবেশন করেন। এরপর রাজেশ সাহা দেশরাগে ‘এ ঘিরে আসে বাদলের মেঘ’, পিলুরাগে ‘আমি কালো ভালোবাসি,’ বিহাগরাগে ‘আমারে আসতে বলে এত অপমান’, আর বসন্তরাগে গাইলেন ‘আজি বসন্ত’। সুব্রত দাশ নিয়ে এলেন জনপ্রিয় ভজন ‘প্রভু মে গুলাম’, ‘রঘুবর’, ‘তানকে তাম্বুরা’, ‘জয় গণেশ’ ও ‘হে শিবসুন্দর’। দিবাকর কানুনগোয় মিশ্র খাম্বাজ রাগে বন্দিশ ‘আব না বাজাইও শ্যাম’—এই ঠুমরি পরিবেশন করেন। ওস্তাদ মিহির লালা রাগ পাহাড়িতে বন্দিশ ‘ক্যাসে কহু সখী মনকে বাতিয়া’ পরিবেশন করেন। রণধীর দাশ বাঁশিতে ত্রিতাল বিলম্বিত লয়ে ও পরবর্তী সময়ে মধ্য ও দ্রুতলয়ে রাগ কলশ্রী পরিবেশন করেন। শেষে একটি লোকজ ধুন বাজিয়ে শোনান তিনি। সবশেষে মঞ্চে আসেন সৈয়দ আমিনুল ইসলাম ওরফে ইসলাম কাওয়াল। তিনি গজল পরিবেশন করে শ্রোতাদের বিমোহিত করেন।
শিল্পীদের তবলায় সহযোগিতায় ছিলেন সুদীপ সেনগুপ্ত, এসরাজে মদন মোহন ঘোষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দা সাজিদা খানম।
সংগীতের মূর্ছনায় দর্শক-শ্রোতাকে মোহগ্রস্ত করার আগে বক্তব্যের পালায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবুল কাশেম। আবুল মনসুর আজাদের সভাপতিত্বে এই পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন ওস্তাদ মিহির লালা। এ সময় কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।