স্বস্তিকায় মুগ্ধ রংপুর

পুরো মিলনায়তন নিস্তব্ধ। সুরে সুরে বলছেন একজন। স্বস্তিকা মুখোপাধ্যায়। কখনো রবীন্দ্রনাথ, কখনো দ্বিজেন্দ্রলাল রায়, দিলীপ কুমার রায়, অতুলপ্রসাদ সেন ও রজনীকান্ত সেন উঠে আসেন তাঁর গলায় ভর করে। একে একে তিনি গেয়ে শোনান তঁাদের গান। মিলনায়তন ভরা দর্শক মুগ্ধ তাঁর কণ্ঠের জাদুতে। গত শুক্রবার সন্ধ্যায় রংপুর চেম্বার ভবন মিলনায়তনে কলকাতার রবীন্দ্রসংগীতশিল্পী ও শান্তিনিকেতনের রবীন্দ্রসংগীত বিভাগের অধ্যাপক স্বস্তিকা মুখোপাধ্যায়ের একক গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। যৌথভাবে এই আয়োজন করে ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, রাজশাহীর ভারতীয় উপহাইকমিশন, কলকাতার শ্রীঅরবিন্দ ইনস্টিটিউট অব কালচার, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও মোতাহার গ্রুপ।
গান পরিবেশনের ফাঁকে ফাঁকে শিল্পী দুই বাংলা নিয়ে ছোট ছোট কথাও বলেন। অনুষ্ঠানের শেষে ‘ধনধান্য পুষ্পভরা আমাদেরই বসুন্ধরা’ গানটি বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় গেয়ে শোনান শিল্পী।