স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা অনুপ ভট্টাচার্য আর নেই
বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্য আর নেই। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। এই সংগীতশিল্পী দীর্ঘদিন ধরে হৃদ্রোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন।
তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি তপন মাহমুদ। জানা গেছে, অনুপ ভট্টাচার্যের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আগামীকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
অনুপ ভট্টাচার্যের জন্ম ১৯৪৪ সালের ১৪ জুলাই সিলেটে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’ ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোলো তোলো’- এমন অনেক ঐতিহাসিক সমবেত গানের অন্যতম কণ্ঠশিল্পী অনুপ ভট্টাচার্য।
তিনি ছিলেন বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য। রফিকুল আলমের গাওয়া ‘বৈশাখী মেঘের কাছে’ এবং মিতালী মুখার্জির গাওয়া ‘সুখ পাখিরে পিঞ্জরা তো’সহ অসংখ্য গানের সুর তৈরি করেছেন তিনি।