স্বাধীনতা দিবসে 'সূর্যোদয়ের গান'
স্বাধীনতা দিবসের জন্য তৈরি হলো একগুচ্ছ দেশের গান। স্বনামখ্যাত শিল্পী, কুশলী, গীতিকবি ও সুরকারের ছোঁয়ায় নির্মিত গানগুলো নিয়ে ‘সূর্যোদয়ের গান’ নামের একটি অনুষ্ঠান তৈরি করা হয়েছে।
বিশাল এ আয়োজনে রয়েছে পাঁচটি দেশাত্মবোধক গান। গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের কথা ও আলী আকবর রুপুর সুরে এর একটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী এন্ড্রু কিশোর ও কুমার বিশ্বজিৎ। সশস্ত্র বাহিনীর কয়েক হাজার সদস্য এ গানটির চিত্রায়ণে সহযোগিতা করেছেন।
অন্য গানগুলো গেয়েছেন শিল্পী সৈয়দ আবদুল হাদী ও শাম্মী আক্তার, প্রতীক হাসান ও নির্ঝর, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী ও রফিকুল আলম। বাকি গানগুলো লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, মেজর (অব.) আনিস-উল-ইসলাম, লুত্ফর হাসান, মো. জামালউদ্দিন এবং সুর করেছেন হানিফ সংকেত, আহমেদ ইমতিয়াজ বুলবুল, লুত্ফর হাসান, মো. জামালউদ্দিন।
স্বাধীনতা দিবস উপলক্ষে সংগীতানুষ্ঠান ‘সূর্যোদয়ের গান’ নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছেন অভিনেত্রী অপি করিম। দেখা যাবে ২৬ মার্চ রাত ৯টা ১৫ মিনিটে এটিএন বাংলায়।