স্বীকৃতির পাশে গানের মানুষেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বীকৃতি
স্বীকৃতি

সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘স্বীকৃতি, তুমি ভেঙে পোড়ো না, তুমি কেঁদো না, দেখো, তোমার ফেসবুক বন্ধুরা তোমার রোগমুক্তির জন্য দোয়া করছেন। নিশ্চয়ই, তুমি দুই মাসের মধ্যে সুস্থ হয়ে উঠবে। আবার লাখো দর্শক-শ্রোতার সামনে তুমি গান করবে।’ বুলবুল কথাগুলো লিখেছেন সংগীতশিল্পী স্বীকৃতির জন্য। তাঁর পুরো নাম শাহনাজ। ব্লাড ক্যানসারের মতো কঠিন রোগ ধরা পড়েছে তাঁর। তাই স্বীকৃতির পাশে দাঁড়িয়েছেন সংগীতজগতের গুণী ব্যক্তিরা।
গত ২৪ আগস্ট শারীরিক অসুস্থতা নিয়ে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি হন স্বীকৃতি। সেখানে বিভিন্ন পরীক্ষার পর চিকিৎসকেরা স্বীকৃতিকে তাঁর রোগের ব্যাপারে জানান। চিকিৎসকেরা আরও বলেন, উন্নত চিকিত্সার ব্যবস্থা করা হলে এই রোগ থেকে হয়তো বেঁচে উঠতে পারেন তিনি। এরই মধ্যে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মতো সংগীতজগতের অনেকেই দাঁড়িয়েছেন স্বীকৃতির পাশে। ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন স্বীকৃতির পাশে থাকার কথা। তাঁদের মধ্যে আছেন এন্ড্রু কিশোর, কনকচাঁপা, শওকত আলী ইমনসহ অনেকেই।
প্রসঙ্গত, বাজারে স্বীকৃতির আধুনিক গানের আটটি একক অ্যালবাম ও অসংখ্য মিশ্র অ্যালবাম রয়েছে। বেশ কয়েকটি চলচ্চিত্রেও প্লেব্যাক করেছেন এই শিল্পী।