স্মৃতি রক্ষার্থে কে কে ফ্যান ক্লাব
কলকাতায় অনুষ্ঠান করতে এসে বলিউডের সংগীতশিল্পী কে কে (কৃষ্ণকুমার কিন্নথ) মৃত্যুবরণ করেন। সেই মৃত্যুকে এখনো মেনে নিতে পারেননি কলকাতায় তাঁর ভক্তরা। তাই তাঁরা কে কের স্মৃতি রক্ষার্থে এই প্রথম গড়ে তুলেছেন কে কে ফ্যান ক্লাব। আজ সকালে দক্ষিণ কলকাতার এলগিন রোডে যাত্রা শুরু করেছে কে কে ফ্যান ক্লাব।
আজ সকালে সংবাদ সম্মেলনে কে কে ফ্যান ক্লাব গড়ার ঘোষণা দেন তাঁর ভক্ত অমৃতা সিংহ।
তিনি বলেছেন, ‘৩১ মে আমিও নজরুল মঞ্চে উপস্থিত ছিলাম কে কের অনুষ্ঠান দেখতে। আমি খুব ভক্ত ছিলাম তাঁর। সেদিন তিনি আমাদের ছেড়ে চলে যান। তাঁর মৃত্যুকে আমি এখনো মেনে নিতে পারিনি। কে কে এখনো আমাদের মাঝে বেঁচে আছেন। আর এই বেঁচে থাকাকে চিরস্থায়ী করতে আমরা কে কে ফ্যান ক্লাব গড়ার উদ্যোগ নিয়েছি। কলকাতায় কে কের স্মৃতি রক্ষার্থে তাঁর ভক্তদের নিয়ে গড়া হয়েছে এই কে কে ফ্যান ক্লাব।’
অমৃতা সিংহ আরও বলেন, ‘এই ক্লাবের সদস্য হতে পারবেন যে কেউ। কোনো অর্থ দিতে হবে না। তবে সদস্যের জন্য ইন্টারনেটে ফরম ডাউনলোড করে তা পূরণ করে পাঠাতে হবে কে কে ফ্যান ক্লাবে। আমাদের লক্ষ্য হবে কে কের স্মৃতি রক্ষা এবং কলকাতার দুস্থ শিল্পীদের পাশে থেকে তাঁদের সাহায্যের জন্য আমাদের হাত প্রসারিত করা। আমরা আশা করছি, আমাদের ডাকে কলকাতার কে কে–ভক্তরা সাড়া দিয়ে যুক্ত হবেন এই ফ্যান ক্লাবে। আমরা চাই কে কে কলকাতায় আজীবন জীবিত থাক আমাদের মাঝে। বেঁচে থাক আমাদের মাঝে।’
গত ৩১ মে সন্ধ্যায় নজরুল মঞ্চে অনুষ্ঠান ছিল কে কের। একটানা ২০টি গান গেয়ে উপস্থিতি দর্শকদের মাতিয়ে রেখেছিলেন কে কে। অনুষ্ঠান শেষে হোটেলে ফেরার পর জ্ঞান হারান কে কে। পরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। তাঁর এমন পরিণতি আজও মেনে নিতে পারেনি কলকাতা। রবিবার ১০০ জনের কণ্ঠে কলকাতা শহর গেয়ে উঠেছিল কে কের গান ‘পল’। রোজই শহরের অলিতে-গলিতে ঘুরেফিরে শোনা যাচ্ছে তাঁর বিভিন্ন গান। একাধিক অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে শিল্পীকে।