স্মৃতিতে আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিমা অ্যাওয়ার্ডে আদেশ শ্রীবাস্তবের সঙ্গে এক ফ্রেমে সমরজিৎ
জিমা অ্যাওয়ার্ডে আদেশ শ্রীবাস্তবের সঙ্গে এক ফ্রেমে সমরজিৎ

বলিউডের গুণী সুরকার ও সংগীত পরিচালক আদেশ শ্রীবাস্তবের সবচেয়ে বড় পরিচয় হলো, অনেক বড় মনের একজন মানুষ ছিলেন তিনি। পাঠক নিশ্চয়ই জেনে গেছেন, ক্যানসারে ভুগে ৫ সেপ্টেম্বর শ্রীবাস্তব মারা গেছেন।
২০১১ সালে আমি ‘জিমা অ্যাওয়ার্ড’ (গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক একাডেমি)-এর জন্য মনোনয়ন পেয়েছিলাম। আমার প্রথম হিন্দি গানের অ্যালবাম তেরা তসব্বুর পেয়েছিল ‘সেরা জনপ্রিয় অ্যালবাম’ হিসেবে মনোনয়ন। জিমা অ্যাওয়ার্ডের অনুষ্ঠানটি হয়েছিল দিল্লির গুড়গাঁওয়ের ‘কিংডম অব ড্রিমস’-এ। সেদিন বসেছিল তারকার মেলা। এসেছিলেন শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, শংকর-এহসান-লয়, শান, সনু নিগম, কবিতা কৃষ্ণমূর্তি, রূপকুমার রাথোড়, সুনিধি চৌহান, ঊষা উত্থুপসহ ভারতের সেরা সংগীতশিল্পী, সংগীত পরিচালক ও অভিনয়শিল্পীরা। তাঁদের মধ্যে একজন ছিলেন আদেশ শ্রীবাস্তব। এত ভদ্র ও অমায়িক সংগীত পরিচালক ভারতে খুব কম আছেন বলে আমি মনে করি। ‘জিমা ২০১১’তে সেরা সংগীত পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছিলেন আদেশ শ্রীবাস্তব রাজনীতি ছবির জন্য। পুরো অনুষ্ঠানে একমাত্র আমি ছাড়া সবাই ছিলেন জনপ্রিয়। তাই আমি মনোনয়ন পাওয়ায় সবার দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছিলাম। সেদিন অনেক তারকার সঙ্গেই আড্ডা দিয়েছিলাম। আদেশ শ্রীবাস্তবও ছিলেন সেই আড্ডার সঙ্গী। আড্ডার ফাঁকে ফাঁকে আমার অ্যালবামের কয়েকটি গানের বারবার প্রশংসা করছিলেন। এত অমায়িক ছিলেন যে নিজে থেকে তাঁর মোবাইল নম্বরটি আমাকে দিয়ে বলেছিলেন যোগাযোগ করতে। এমনকি তিনি আমাকে রূপকুমার রাথোড়, প্রসূন যোশিসহ আরও কয়েকজনের সঙ্গে নিজে থেকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। আমাকে দিয়ে গাওয়ানোর অনুরোধও করলেন সবাইকে। হয়তো আমার কপালই খারাপ ছিল, তাই তাঁর সঙ্গে আর যোগাযোগ করা হলো না। শুধু আদেশ শ্রীবাস্তবের ফোন নম্বরটাই রয়ে গেল। আর রয়ে গেল সেদিনের সেই অনুষ্ঠানের কয়েক ঘণ্টার স্মৃতি।