স্যারের দেওয়া ৫ হাজার টাকাই ছিল ৫ লাখের সমান

‘১৯৮৯ সাল। স্যার তারা মিয়া নামে একজনকে পাঠিয়ে আমাকে ঢাকায় নিয়ে আসেন। খাদক নামে একটি নাটকে গান করতে হবে। ওই সময় বিটিভিতে প্রথম আসা এবং গান গাওয়া।’ হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয়ের সূত্রটা এভাবেই বললেন কুদ্দুস বয়াতি। আজ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন। তাই তাঁর সঙ্গে পরিচয়, সম্পর্ক আর কাজের অভিজ্ঞতা নিয়ে কথা হলো কুদ্দুস বয়াতির সঙ্গে।
কথার শুরুতেই কুদ্দুস বয়াতি জানিয়ে দিলেন হুমায়ূন আহমেদ তাঁকে ডাকতেন ‘বয়াতি’ বলে আর তিনি হুমায়ূন আহমেদকে ডাকতেন ‘ওস্তাদ’। পরিচয়ের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে কুদ্দুস বয়াতি বললেন, ‘প্রথম দিন বিটিভিতে দেখা করার পর স্যার আমাকে তাঁর হাতিরপুলের বাসায় নিয়ে যান। সারা রাত ওনার বাসায় গান করেছি। তখন এই শহরের অনেক কিছুর সঙ্গেই প্রথম পরিচয়। যেমন—লিফট, বাথরুমের কমোড এমনকি গোসলের পানির ঝরনাসহ সবই দেখছি প্রথম। নাটকে গান গেয়ে আমি পাঁচ হাজার টাকা পেয়েছিলাম। ওটা আমার কাছে পাঁচ লাখ টাকার সমান ছিল।’

জানালেন কুদ্দুস বয়াতিকে আবিষ্কারের পুরো কৃতিত্ব হুমায়ূন আহমেদের। বললেন, ‘আজ আমাকে সবাই চেনে, আমার গান শোনে, আমাকে ভালোবাসে; এর পুরো কৃতিত্ব আমার ওস্তাদের। আমাকে দিয়ে ‘‘এই দিন দিন নয়” গাওয়ায়ে আমাকেই ‘‘সেই দিনের কাছে’’ নিয়ে এসেছেন স্যার।’
কুদ্দুস বয়াতি বললেন, ‘সঠিক জিনিসটা পাওয়ার জন্য তিনি মরিয়া ছিলেন। শুক্লপক্ষ নাটকের এক জায়গায় আমাকে “মেম্বার” শব্দটা বলতে হবে। কিন্তু আমি বারবারই “নেম্বার” বলছিলাম। এ কারণে প্রায় ১২ ঘণ্টা শুটিং পিছিয়ে গিয়েছিল।’
হুমায়ূন আহমেদকে নিয়ে এমন অসংখ্য গল্প কুদ্দুস বয়াতির কাছে। দুজনের বাড়ি একই উপজেলায়, নেত্রকোনার কেন্দুয়া। কুদ্দুস বয়াতি বললেন, ‘ওনার সঙ্গে আমার ২২ বছরের সম্পর্ক। অনেকবার আমি নুহাশপল্লীতে গান শুনিয়েছি। গানের আসর বসলে তিনি নীরবে একটু আড়ালে গিয়ে গান শুনতেন। কখনো খালি হাতে ফেরাতেন না। ওনার মতো মানুষের সঙ্গ পাওয়া আমার সৌভাগ্য।’