স্রোতের বিপরীতে অব্যাহত যাত্রা

অডিও গানের ভুবনে এখন এক গানের অ্যালবামের রীতি চলছে। একটি গানের ভিডিও চিত্র অনলাইনে প্রকাশ করার মাধ্যমে দায়িত্ব শেষ করে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। এই স্রোতের বিপরীতে দারুণ এক ভূমিকা রাখছে বেঙ্গল ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি এবার ঈদে প্রকাশ করছে চারটি পূর্ণাঙ্গ অ্যালবাম।
বেঙ্গল ফাউন্ডেশনের চারটি অডিও অ্যালবামের মধ্যে রয়েছে সাইফুল ইসলামের ‘মর্মের মাঝে’, শারমিন সাথী ইসলামের ‘চামেলি তোমারই চাঁদ’, সোহিনী মুখোপাধ্যায় পলার ‘কাহার তরে’ এবং শুচিশ্রী রায়ের কণ্ঠে ‘ঠুমরি অ্যান ওড টু বেনারস’।
অ্যালবামগুলো ইতিমধ্যে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানালেন বেঙ্গল ফাউন্ডেশনের সংগীত বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক জাহিদুল হক। পাশাপাশি অনলাইনেও গানগুলো শোনা যাচ্ছে। নতুন প্রকাশিত অ্যালবামের মধ্যে ‘মর্মের মাঝে’ ব্যতিক্রম। এখানে শিল্পী সাইফুল ইসলামের কণ্ঠে বিজয় সরকারের ইসলামি গান রয়েছে। যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন মানব মুখার্জি। অ্যালবামটিতে রয়েছে ‘নবী নামের নৌকা’, ‘কী যেন কী দিলে রে আল্লা’, ‘জ্বেলে মর্মের মাঝে’, ‘এবার ফেলে দিয়ে মায়ার বোঝা’, ‘নামহারা ওই নদীর কিনারা’, ‘তুমি জান না রে বাঁশি’, ‘তোমার কাছে যখন থাকি’ এবং ‘তোমার একটি দিনের একটু পরশ’।
‘চামেলি তোমারই চাঁদ’ অ্যালবামে শারমিন সাথী ইসলামের কণ্ঠে হিমাংশু দত্ত সুরারোপিত বিরহ-মিলন গীতি রয়েছে। গানগুলোর যন্ত্রানুষঙ্গ পরিচালনা দূর্বাদল চট্টোপাধ্যায়। অ্যালবামে রয়েছে ‘রাতের ময়ূর ছড়ালো যে পাখা’, ‘নিশীথে চলে হিমেল বায়’, ‘বরষার মেঘ নামে’, ‘ঝরানো পাতার ফাঁকে’, ‘ছিল চাঁদ মেঘের পারে’, ‘উষার উদয় ক্ষণে’, ‘চামেলি, তোমারি চাঁদ’, ‘চাঁদ কহে, চামেলি গো’, ‘চাঁদ ভোলে নাই চামেলিরে’ এবং ‘প্রেমের না হবে ক্ষয়’।
‘কাহার তরে’ পুরোপুরি রবীন্দ্রনাথের গান নিয়ে করা হয়েছে। যেখানে সোহিনী মুখোপাধ্যায় পলার কণ্ঠে রয়েছে ‘তোমরা যা বল তাই বলো’, ‘আমি নিশিদিন তোমায় ভালোবাসি’, ‘পুষ্পবনে পুষ্প নাহি, আছে অন্তরে’, ‘আমার এ পথ’, ‘মম দুঃখের সাধন’, ‘সকলই ফুরালো স্বপনপ্রায়’, ‘আরও একটু বসো তুমি’, ‘বন্ধু, রহো রহো সাথে’, ‘তুমি তো সেই যাবেই চলে’ এবং ‘তবু মনে রেখো যদি দূরে যাই চলে’। এর যন্ত্রানুষঙ্গ পরিচালনা দূর্বাদল চট্টোপাধ্যায়।
ঈদে প্রকাশিত অ্যালবামের মধ্যে আরও রয়েছে ‘অ্যান ওড্ টু বেনারস’। গেয়েছেন শুচিশ্রী রায়। অ্যালবামটি বড়ি মোতি বাই, রসুলন বাই, সিদ্ধেশ্বরী দেবী ও কাশী বাইকে নিবেদন করা হয়েছে। পুরব অঙ্গের ঠুমরির এই অ্যালবামের গানগুলো হলো ‘এরি ঠইয়া মোতিয়া’, ‘এ গুইয়া মোসে ভরাওবে গাগারিয়া’, ‘কংকর মোহে লাগ যাইহে নার’, ‘তেরি কতিলি নিগাহো নে মারা’, ‘ভিগ যাউঁ ম্যায় পিয়া’ এবং ‘মুরলিয়া কৌন গুমান ভরে’।
এখন বাজারে বহু গান নিয়ে পূর্ণাঙ্গ অডিও অ্যালবাম তেমন দেখা যায় না। পূর্ণাঙ্গ অ্যালবামের বাজার নেই বলে চলে। এ পরিস্থিতিতে কেন পূর্ণাঙ্গ অ্যালবামে বিনিয়োগ করলেন? জাহিদুল হক প্রথম আলোকে বলেন, গানের বাজার আগের মতো নেই এটা আমরা জানি। আমরা দায়িত্ববোধ থেকে এই অবস্থায় চারটি পূর্ণাঙ্গ অ্যালবামের উদ্যোগ নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘সংস্কৃতিচর্চার বহুমুখী কর্মপ্রবাহের মধ্য দিয়ে বেঙ্গল ফাউন্ডেশন জনরুচি, মনন ও মানবিক সাধনায় মাত্রা সঞ্চার করার চেষ্টা করে। অডিও সিডি আকারে প্রতিষ্ঠিত সংগীতশিল্পী ও প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পীদের কণ্ঠে মানসম্মত রেকর্ডিং ধারণ করে বিভিন্ন স্বাদের গানের সংকলন প্রকাশ সে চেষ্টারই অংশ।’