হঠাৎ ধোঁয়া-আতঙ্কে সালমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমা
সালমা

গান রেকর্ডিং করে স্টুডিও থেকে বের হওয়ার সময় হঠাৎ ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন সংগীতশিল্পী সালমা। সালমা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ধোঁয়ার উৎপত্তি। প্রথমে আতঙ্কিত হয়ে পড়লেও পরে আশপাশের লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তিনি স্বাভাবিক হন।
নিজের নতুন অ্যালবামের একটি গানের রেকর্ডিংয়ের জন্য গতকাল সোমবার মগবাজারের ভেলোসিটি স্টুডিওতে যান সালমা। রেকর্ডিং শেষে স্টুডিও থেকে বের হওয়ার সময়ই এমন ঘটনার মুখোমুখি হন তিনি। সেখানে আরও উপস্থিত ছিলেন নতুন গানটির সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন এবং গীতিকার কবির বকুল।
পুরো ঘটনা সম্পর্কে জানতে আজ মঙ্গলবার বিকেলে কথা হয় সালমার সঙ্গে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে সালমা বলেন, ‘নতুন অ্যালবামের গান রেকর্ডিং করতে ভেলোসিটি স্টুডিওতে যাই। যদিও গান গাইতে খুব একটা বেশি সময় লাগেনি, তারপরও স্টুডিও থেকে বের হতে সময় লেগে যায়। গান শেষে হঠাৎ ইমন ভাইয়ের সহকারী দৌড়ে এসে জানান, নিচতলায় শর্টসার্কিট সার্কিটের কারণে ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে গেছে। এ মুহূর্তে কোনোভাবেই স্টুডিও থেকে বের হওয়া সম্ভব না। আমরাও দেখলাম চারিদিকে ধোঁয়া। খোঁজ নিয়ে জানতে পারলাম, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই এমন ধোঁয়া তৈরি হয়েছে। চারদিক বন্ধ থাকায় একটা পর্যায়ে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে সময় লেগে যায় ত্রিশ মিনিট।’

সালমা এবং সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন ।
সালমা এবং সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন ।


সালমা এও বলেন, গান করতে গিয়ে কোনো দিন এমন ঘটনার মুখোমুখি হইনি। একটা পর্যায়ে তো মনে হয়েছিল, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না তো! শেষ পর্যন্ত সবার চেষ্টায় রক্ষা পেলাম।’
২০০৮ সালে প্রকাশিত সালমার একক অ্যালবাম ‘বিনোদিনী’র গানের সুর ও সংগীত পরিচালনা করেন ইমন। সে হিসেবে সাত বছর পর আবারও শওকত আলী ইমনের সুর ও সংগীতে নতুন কোনো গানে কণ্ঠ দিলেন সালমা। ‘হায়রে পরানের বন্ধু আমার কই, হায়রে আছে রে আছে রে নিশ্চয়’—এমন কথার গানটি থাকবে নাম সালমার নতুন অ্যালবামে। এই গানটি প্রসঙ্গে সালমা বলেন, ‘গানের কথা ও সুর অসাধারণ লেগেছে। গানটি শ্রোতাদের ভালো লাগবেই।’
নাম ঠিক না হওয়া সালমার নতুন এই অ্যালবামে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে আরও কাজ করছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, মঈনুল ইসলাম খান, মাসুম, সুমন কল্যাণ ও ঈশান। অ্যালবামটি ঈদে বাজারে ছাড়ার চিন্তা করেছেন বলেই জানিয়েছেন সালমা। আর সেভাবেই সব কাজ এগিয়ে নিচ্ছেন তিনি।