হতাশা কাটিয়ে কেলভিন...

মাস খানেক ধরে সংবাদমাধ্যমগুলোতে ঘুরেফিরেই স্কটিশ ডিজে কেলভিন হ্যারিসের নাম আসছে। কিন্তু সেসব সংবাদের বিষয় টেলর সুইফটের সঙ্গে তাঁর বিচ্ছেদ। কিছুদিন আগে তাঁর একটি কাজের খবর অবশ্য বেরিয়েছিল। কিন্তু সেটিও টেলরের সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে লেখা একটি গানের খবর। কেলভিন এবার বিরহ কাটিয়ে ঘুরে দাঁড়াতে চাইছেন এবং সেটা খুব ভালোভাবেই। সম্প্রতি জেনিফার লোপেজের সঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন তিনি।
রোববার ছিল জেনিফার লোপেজের জন্মদিন। ৪৭তম জন্মদিন উপলক্ষে এই তারকা একটি পার্টির আয়োজন করেছিলেন। তারকা জগতের হাতে গোনা কয়েকজনের উপস্থিতি ছিল সেখানে। এই পার্টিতে আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে ছিলেন কেলভিনও। সেখানেই নাকি লোপেজের সঙ্গে কাজ করার ব্যাপারে আলোচনা হয় তাঁর।
একটি সূত্র পিপল ম্যাগাজিনকে জানিয়েছে, লোপেজের জন্মদিনের পার্টিতে উপস্থিত থাকতে পেরে দারুণ উচ্ছ্বসিত কেলভিন। তাঁর এই দাওয়াতে যাওয়ার মূল উদ্দেশ্যই নাকি ছিল লোপেজের সঙ্গে সময় কাটানো আর কাজের বিষয়ে আলোচনা করা।
সূত্রটি আরও জানায়, সেখানে বেশ কিছুক্ষণ কেলভিন ও লোপেজ গান নিয়ে আলোচনা করেছেন। সুযোগ বুঝে কেলভিন তাঁর সঙ্গে কাজ করার প্রস্তাবও দিয়েছেন জেনিফার লোপেজকে। হয়তো শিগগিরই নতুন কোনো গান নিয়ে হাজির হবেন তাঁরা। ডেইলি মেইল।