হাবিব ও সুনিধি এক মঞ্চে

এ দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। ভারতের সুনিধি চৌহান। এই দুই শিল্পী উঠবেন এক মঞ্চে। শোনাবেন গান। শীতের শুরুতেই এ আয়োজনের নামকরণ করা হয়েছে ‘উইন্টার ব্লাস্ট ২০১৫’। তাঁদের সঙ্গে থাকবেন ইন্ডিয়ান আইডল-৫-এর বিজয়ী রাকেশ মাইনি। আর আয়োজনটির জন্য অপেক্ষা করতে হবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত। কারণ ওই দিনই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলের মঞ্চে উঠবেন তাঁরা। যৌথভাবে এর আয়োজন করছে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ও ইনসেপশন মিডিয়া লিমিটেড।
আয়োজনটি নিয়ে ইনসেপশনের প্রধান নির্বাহী খান মুহাম্মদ বদরুদ্দীন বলেন, ‘আমরা এরই মধ্যে সুনিধি চৌহানের সম্মতি পেয়েছি। সবকিছু ঠিক থাকলে ৪ অথবা ৫ নভেম্বর সুনিধি ঢাকায় পৌঁছাবেন। সঙ্গে থাকবে ২২ জনের দল। যার মধ্যে থাকবে তাঁর নিজস্ব মিউজিশিয়ান, ব্যক্তিগত হেয়ার ও ফ্যাশন ডিজাইনারসহ অনেকেই।’ হাবিব ওয়াহিদ সম্পর্কে বদরুদ্দীন বলেন, ‘তিনি এরই মধ্যে আমাদের নিশ্চিত করেছেন অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যাপারে।’
হাবিব তিন মাস ধরে দেশের বাইরে। সেখান থেকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইভেন্টের পোস্টার শেয়ার করে শ্রোতাদের কনসার্টে আসার আমন্ত্রণ জানিয়েছেন।
উল্লেখ্য, সুনিধি চৌহান এর আগেও বাংলাদেশে এসেছিলেন। তবে এবার প্রথম জুটি বাঁধছেন হাবিব ওয়াহিদের সঙ্গে। হিন্দি ছবির জনপ্রিয় এই গায়িকা তামিল, তেলেগু, মারাঠি, পাঞ্জাবিসহ অনেক ভাষায় গান করেছেন।