হাবিব শুধু ট্রেলারে!

ঈদকে ঘিরে নাটক, টেলিছবি, গান আর মিউজিক ভিডিও তৈরির ধুম পড়েছে। তবে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ব্যস্ত ট্রেলার নিয়ে! ঈদ সামনে রেখে তিনি ছাড়বেন তাঁর গান ‘মন ঘুমায় রে’-এর মিউজিক ভিডিওর ট্রেলার। অর্থাৎ গানের ভিডিওর অংশবিশেষ। কিছুদিনের মধ্যেই ঢাকা ও সিলেটের কিছু স্থানে হবে এর দৃশ্যধারণ। এরপর ঈদের দিন দুয়েক আগে ফেসবুক, ইউটিউব ও বিভিন্ন মাধ্যমে এই ট্রেলার ছাড়বেন তিনি।
গত শনিবার রাতে হাবিব তাঁর ফেসবুক পেজে ‘মন ঘুমায় রে’ গানের খবর জানান। ফেসবুকে লেখেন, মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও রবির গ্রাহকেরা ৩৩৩৩ নম্বরে ডায়াল করে গানটি শুনতে পারবেন। তবে ভিডিওতে এই গান দেখা ও শোনার জন্য অপেক্ষা করতে হবে ঈদের পর বেশ কিছুদিন পর্যন্ত। তিনি বলেন, মূল ভিডিও প্রকাশের আগে দর্শক-শ্রোতারা এই গানকে ঘিরে অনেক চমক পাবেন। একটি নয়, মুক্তি পেতে পারে কয়েকটি ট্রেলার। সেই সঙ্গে ভিডিও তৈরির সময়কার ‘পেছনের গল্প’ নিয়েও হবে আলাদা ভিডিও। ‘মন ঘুমায় রে’ গানটি লিখেছেন জাহিদ আহমেদ। তিনি এর আগে বাংলা ব্যান্ডের ‘তোমার ঘরে বাস করে কারা’ গানটি লিখেছেন।