হাবিবের অনীহা

২০১২ সালে বাজারে আসে হাবিব ওয়াহিদের শেষ একক অ্যালবাম স্বাধীন। এরপর লম্বা সময় কেটে গেল। জিঙ্গেল, চলচ্চিত্রের গান আর মিক্সড অ্যালবামে হাবিবের সুর শোনা গেলেও একক অ্যালবাম নিয়ে তাঁর কোনো সাড়া মিলছে না।
একক অ্যালবামে কেন তাঁর অনীহা? জানতে চাইলে হাবিব বলেন, ‘অডিও কোম্পানিগুলো বলছে বাজার খারাপ। অ্যালবাম প্রকাশের আগ্রহ কম তাদের। তাই আমিও এখন আর একক অডিও অ্যালবাম ছাড়ার আগ্রহ পাই না।’
তবে প্রযুক্তি খানিকটা হালনাগাদ করা গেলে আগ্রহ ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী হাবিব। পাইরেসির সমস্যাকে তোয়াক্কা না করে প্রযুক্তিকে আরও যুগোপযোগী করা দরকার বলে মনে করেন তিনি। তাঁর মন্তব্য, ‘পাইরেসি সমস্যা বড় বিষয় নয়। এখন প্রযুক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। মোবাইল ফোন সেবাদানকারী কোম্পানিগুলোর মাধ্যমেও অ্যালবাম আসতে পারে। থ্রিজিটা একটু সস্তা হলে ডাউনলোড করে সহজভাবে গান শুনতে পাবেন শ্রোতারা।’
একক অ্যালবাম না এলেও জিঙ্গেল ও চলচ্চিত্রের গান দিয়েই শ্রোতাদের মাঝে বেশ নিয়মিত হাবিব। তাঁর ধারণা, বিজ্ঞাপনের জিঙ্গেল তাঁর কাজের গতি বাড়িয়ে দেয়। একই কথা খাটে চলচ্চিত্রের গানের বেলায়। তিনি বলেন, ‘যেহেতু সংগীত পরিচালনা ও গান গাওয়া আমার পেশা তাই চলচ্চিত্রের অ্যালবামের কাজও নিয়মিত করছি।’
হাবিব এরই মধ্যে করলেন ছুঁয়ে দিলে মন, ভালোবাসা দাও ভালোবাসা নাও, মন জানে না মনের ঠিকানা, ভালোবেসে কাছে এসে আর এক পৃথিবী প্রেম ছবির গানগুলো।
জানালেন, আসছে বছর থেকে চলচ্চিত্রের গানের জন্য সময় দেবেন আরও বেশি। এর আগে হাবিবের কণ্ঠে ও সংগীত পরিচালনায় চলচ্চিত্রের একাধিক গান জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি বলছি তোমাকে, শোনো, আহ্বানসহ বেশ কয়েকটি অডিও অ্যালবাম শ্রোতামহলে পেয়েছে দারুণ জনপ্রিয়তা।