হাবিবের সুর-সংগীতে নাটকের গানে নির্ঝর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাবিব ও নির্ঝর
হাবিব ও নির্ঝর

আশা ভোঁসলের গাওয়া ‘একটা দেশলাই কাঠি জ্বালাও’ গানটি নতুন করে গেয়ে আলোচনায় আসেন সংগীতশিল্পী আজমেরী নির্ঝর। ২০০৫ সালে নির্ঝরের কণ্ঠে আশা ভোঁসলের গাওয়া গানটির সংগীতায়োজন করেন হাবিব ওয়াহিদ। এরপর অনেক বছর পেরিয়ে গেছে। মাঝে একটি চলচ্চিত্রেও হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন নির্ঝর। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, সেই ছবিটির কাজই শুরু হয়নি। অনেক বছর আবারও হাবিবের সুর ও সংগীতে একটি দ্বৈত গানে কণ্ঠ দিলেন নির্ঝর। তবে অ্যালবাম কিংবা চলচ্চিত্রের জন্য নয়, একটি নাটকের টাইটেল গানে কণ্ঠ দিলেন তাঁরা দুজন। সম্প্রতি হাবিব ওয়াহিদের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। ‘কেউ বোনে আড়ালে মুখোশের ঘর, জোছনা আঁধারে মেঘে ঢাকা শহর—এমন কথার গানটির গীতিকার জাহিদ আকবর। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এই গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ।

দীর্ঘদিন পর হাবিবের সঙ্গে গান গাইতে পেরে খুশি নির্ঝর। প্রথম আলোকে তিনি জানান, ‘আমি এমনিতে খুব বেশি গান করি না। পছন্দ হলে কাজ করি না হলে নয়। তাই হাতেগোনা কয়েকজন মেধাবী সংগীত পরিচালকের সঙ্গে কাজ করা হয়। তাঁরাও ভালো কোনো গান হলে আমাকে দিয়ে কাজ করান। আমি খুবই সৌভাগ্যবান এই জন্য যে মেধাবী সংগীত পরিচালকদের ভালো কাজের অংশ হতে পারি।’
নির্ঝর আরও বলেন, ‘গানটির কথা ও সুরে অন্য রকম একটা ভালো লাগার ব্যাপার আছে। হাবিব ভাইয়ের সঙ্গে দ্বৈত কণ্ঠের এই গানটি অনেকেরই ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
এই গানটির মাধ্যমে আট বছর পর কোনো নাটকের গানের কাজ করলেন হাবিব। শিহাব শাহীন পরিচালিত রমিজের আয়না ধারাবাহিক নাটকের জন্য সর্বশেষ কাজ করেছিলেন হাবিব ওয়াহিদ।
এখন পর্যন্ত নির্ঝরের তিনটি আধুনিক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। এগুলো হচ্ছে ‘পোড়ামুখী’ (২০০৩), ‘সূর্যমুখী’ (২০০৫) ও ‘স্বপ্নমুখী’ (২০১২)। এখন নিজেকে প্রস্তুত করছেন নজরুলসংগীতের অ্যালবামের জন্য।
নির্ঝর বলেন, ‘“স্বপ্নমুখী” অ্যালবামের পর পরই সিদ্ধান্ত নিই, এবার যেভাবেই হোক নজরুলসংগীতের অ্যালবামের কাজ শেষ করব। আমি কিন্তু খুলনা নজরুল একাডেমিতে ১০ বছর নজরুলসংগীতের তালিম নিয়েছি। জাতীয় শিক্ষা সপ্তাহ, নতুন কুঁড়ি, জাতীয় শিশু পুরস্কারসহ অনেক অনুষ্ঠানে নজরুলসংগীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। অথচ সেই আমার কিনা এখন পর্যন্ত নজরুলসংগীতের অ্যালবামই নাই! বিষয়টি ভাবতেই অবাক লাগে। তাই এবার আটঘাট বেঁধেই নেমেছি বলতে পারেন। কিছু কাজ এগিয়েছেও। তবে খুব বেশি তাড়াহুড়ো করছি না। আত্মতৃপ্তির জন্য অ্যালবামটির কাজ করছি, তাই সময় নিয়ে খুব বেশি মাথাব্যথা নাই।’