হারানো হারমোনিয়ামে ঐক্যের সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমির মাঠে ৬৪ জন শিল্পীর পরিবেশনা ‘হারানো সুর’ l ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমির মাঠে ৬৪ জন শিল্পীর পরিবেশনা ‘হারানো সুর’ l ছবি: প্রথম আলো

বিকেল চারটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল ফটক পেরোতেই একটা দৃঢ় সুর ভেসে এল কানে। সুরের উৎস খুঁজে পেতে মিনিট দুই-একের বেশি সময় লাগেনি। ঘাসের ওপর সুশৃঙ্খলভাবে বসা ৬৪ জন শিল্পী একই সুরে হারমোনিয়াম বাজাচ্ছিলেন।
একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে চলছে এক মাসব্যাপী দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। গতকাল বৃহস্পতিবার উৎসব শুরুর দিন বিকেলে উৎসুক মানুষের ভিড় দেখা গেল শিল্পকলার মাঠে। তাঁরা দেখছেন মঞ্চের শিল্পী ঋতু সাত্তারের পরিকল্পনা ও নির্দেশনায় তৈরি পারফরম্যান্স আর্ট ‘হারানো সুর’।
ঋতু সাত্তার বলেন, ‘একটা সময় ছিল, যখন প্রায় বাড়িতেই হারমোনিয়াম থাকত। এ–বাড়ি ও–বাড়ি থেকে ভেসে আসত গলা সাধার আওয়াজ। কিন্তু এখন সুর তো দূরে থাক, বাড়িগুলো থেকে হারমোনিয়ামই হারিয়ে যাচ্ছে। সংখ্যালঘু হয়ে থাকা অবশিষ্ট হারমোনিয়াম ও এর বাজিয়েদের নিয়েই “হারানো সুর”।’ ঋতু আরও জানান, এই পরিবেশনা সম্প্রতি নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদও। খোলা আকাশের নিচে বসে শিল্পীরা হারমোনিয়ামে তুলেছেন সব মানুষের ঐক্যের সুর।
এই পরিবেশনায় অংশ নেন নজরুল সংগীত পরিষদ, বুলবুল ললিতকলা একাডেমির মিরপুর শাখা, সরকারি সংগীত মহাবিদ্যালয় ও শিল্পকলা একাডেমির সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরিবেশনা শেষ হয় বিকেল পাঁচটায়।
এটি দেখে দ্বিবার্ষিক প্রদর্শনীতে অংশ নিতে আর্জেন্টিনা থেকে আসা শিল্পী মারিসা বললেন, পরিবেশনাটি ছিল ধ্যানের মতো; যা এক ঘণ্টা নয়, ঘণ্টার পর ঘণ্টা শুনতেও ক্লান্তি লাগবে না। তাঁর কথার সঙ্গে একমত হলেন পাশে বসা জার্মান শিল্পী রেথা মেসনারও। তিনি বললেন, ‘আমাদের ব্যস্ত ও ক্লান্তিকর সফরে এই পরিবেশনাটি ভিন্ন মাত্রা যোগ করল।’