হাল ছেড়ো না বন্ধু

গান আর কথায় মুগ্ধতা ছড়ালেন পশ্চিমবঙ্গের শিল্পী শুভেন্দু মাইতি। মিলনায়তনভর্তি চার শতাধিক দর্শক-শ্রোতা বুঁদ হয়ে শুনলেন তাঁর এক ঘণ্টার গণসংগীত পরিবেশনা। বিশ্বব্যাপী পুঁজিবাদী আগ্রাসন, নিরন্ন মানুষের লড়াই, আদিবাসী জনগোষ্ঠীর বেঁচে থাকার সংগ্রাম—তাঁর প্রতিবাদী গানে কিছুই বাদ যায়নি। গানে আর কথায় জানিয়েছেন, অপশক্তির বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন।
মঙ্গলবার রাতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে শুরু হয় ‘শুভেন্দু মাইতি গণসংগীতসন্ধ্যা’। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদের উদ্যোগে ছিল এ আয়োজন। শিল্পীকে শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা করেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আরশ আলী, সিলেটের সভাপতি এ কে শেরাম, সহসভাপতি সৈয়দ মনির হেলাল ও সাধারণ সম্পাদক রতন দেব।
শুভেন্দু মাইতি বলেন, ‘বাংলাদেশে কয়েকবার এলেও সিলেটে কখনো আসা হয়নি। সিলেট হচ্ছে রত্নগর্ভা অঞ্চল। বহু কৃতী মানুষ আর সংগীতসাধককে এই মাটি জন্ম দিয়েছে। একজন সংস্কৃতিকর্মী হিসেবে তাই এই মাটিকে স্পর্শ করব না—সেটা হতেই পারে না।’
গানের ফাঁকে শুভেন্দু মাইতি জানান, ৩০ বছর আগে ভারতের অধুনা ঝাড়খন্ডে নয় বছরের এক বোবা মেয়ে ধর্ষিত হয়েছিল। তখন গ্রাম্য সমাজপতিরা ধর্ষকদের পক্ষ নিয়ে ধর্ষিতকে ‘নষ্ট মেয়ে’ হিসেবে আখ্যায়িত করে দোষী সাব্যস্ত করেছিল। ৩০ বছর আগের সেই ঘটনা এখনো সমাজ থেকে দূর হয়নি। আর তাই তো বাংলা বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নারী লাঞ্ছনায় মেতে ওঠে ৩০ বছর আগের সেই ধর্ষকদের উত্তরসূরিরা।
অনেকগুলো গান পরিবেশন করে সবশেষে রাত সাড়ে আটটায় গাইলেন কবীর সুমনের সেই বিখ্যাত গান ‘হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে’।