হাসন রাজার গান নিয়ে 'ত্রিমাণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ত্রিমাণ’ ব্যান্ডের সদস্যরা
‘ত্রিমাণ’ ব্যান্ডের সদস্যরা

হাসন রাজার গান নিয়ে কাজ করছে সিলেটের একটি ব্যান্ড ‘ত্রিমাণ’। দলের সব সদস্যই তরুণ।

এই সময়ে এই তরুণেরা কেন হাসন রাজার গানকেই বেছে নিলেন, এমন প্রশ্নে ত্রিমাণ ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সন্দীপ বলেন, ‘প্রথমত আমরা সবাই সিলেটের। যেখানে হাসন রাজার জন্ম। তাঁর অসংখ্য গান রয়েছে। লালন সাঁইয়ের গান নিয়ে যেমন “লালন” ব্যান্ড কাজ করে যাচ্ছে। তেমনি করে কোনো ব্যান্ড হাসন রাজার গান নিয়ে নিবেদিত হয়ে কাজ করেনি। আমরা এই উদ্যোগটি নিয়েছি। হাসন রাজার অপরিচিত গানগুলো আমরা ফিউশন করব। তবে মূল সুরকে ঠিক রেখে।’
দলের একমাত্র নারী সদস্য স্মিতা ‘রবি-সেরা প্রতিভা’য় অংশ নিয়েছিলেন। তিনি বললেন, ‘ইতিমধ্যেই আমরা বিভিন্ন অনুষ্ঠানে হাসন রাজার গানগুলো ফিউশন করে পরিবেশন করছি। পাশাপাশি আমরা আধুনিক রক গানও করছি।’
২০১২ সালের ৭ ফেব্রুয়ারি সিলেট অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কে একটি অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ‘ত্রিমাণ’ ব্যান্ডটির পথচলা শুরু। ব্যান্ডটির নাম ‘ত্রিমাণ’ কেন, জানতে চাইলে দলের আরেক ভোকাল পার্থ বলেন, ‘ত্রিমাণ মানে “ওরশিপ ইন থ্রি ওয়ার্ল্ডস”। যার বাংলা অর্থ স্বর্গ, মর্ত ও পাতালে সাধনা বা উপাসনা করা। আমরা সংগীতটাকে শিক্ষা হিসেবে গ্রহণ করেছি। ব্যান্ডের নামকরণটিও এ কারণেই।’
ত্রিমাণ ব্যান্ডের সদস্যরা এখন ব্যস্ত তাদের অ্যালবামের কাজ নিয়ে। ব্যান্ডের সদস্যরা জানান, অ্যালবামের কাজ প্রায় শেষ পর্যায়ে। যাতে হাসন রাজার গানই বেশি। খুব শিগগিরই অ্যালবামটির প্রকাশনায় যাবেন তাঁরা।
ত্রিমাণ ব্যান্ডের লাইনআপে রয়েছেন তিনজন ভোকাল— স্মিতা, পার্থ ও সন্দীপ (কিবোর্ড), ড্রামস ও পারকাশনসে মেহেদী, অক্টোপ্যাড ও তবলায় পলাশ, লিড গিটারে মাজহার এবং বেজ গিটারে নেওয়াজ।