হিপহপ বয়াতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আসো মামা হে’ গানের ভিডিওতে কুদ্দুছ বয়াতি ও প্রীতম হাসান
‘আসো মামা হে’ গানের ভিডিওতে কুদ্দুছ বয়াতি ও প্রীতম হাসান

‘এই দিন দিন না আরও দিন আছে’—এই জনপ্রিয় গানটির গায়ক কুদ্দুছ বয়াতিকে মন থেকে মুছে ফেলা আসলেও কঠিন। গেরুয়া ফতুয়া, লুঙ্গি, সঙ্গে গামছা কিংবা গলায় একটা গেরুয়া কাপড়। কিন্তু সম্প্রতি একটি নতুন গানের ভিডিওতে এ কী রূপ জনপ্রিয় এই বয়াতির!
রীতিমতো হিপহপ তারকার সাজেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন কুদ্দুছ বয়াতি। ‘আসো মামা হে’ নামের একটি গানে কুদ্দুছ বয়াতিকে এই ‘হিপহপ’ রূপেই দেখা যাবে। এমনকি এ গানে কুদ্দুছ বয়াতির গায়কিও করা হয়েছে হিপহপ ধাঁচে।
‘আসো মামা হে’ গানটি সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানটিতে শোনা যাবে প্রীতমের কণ্ঠও। এ গানের ভিডিওতেও কুদ্দুছ বয়াতির সঙ্গে দেখা যাবে তাঁকে। ‘আসো মামা হে’ গানটি থাকছে তরুণ এই সংগীতশিল্পীর প্রথম একক অ্যালবাম ‘প্রীতম’-এ।
অ্যালবামটি বাজারে আসছে গানচিলের ব্যানারে। শ্রোতারা জিপি মিউজিকেও শুনতে পারবেন প্রীতমের অ্যালবামের গানগুলো।
‘আসো মামা হে’ গানটি লিখেছেন সোমেশ্বর অলি। প্রীতমের অ্যালবামের প্রথম গান এবং মিউজিক ভিডিও এটি। শিগগিরই ফেসবুক, ইউটিউব ও বিভিন্ন টিভি চ্যানেলে দেখা যাবে গানটি।
এ প্রসঙ্গে প্রীতম বলেছেন, গানটির কথা কুদ্দুছ বয়াতির সেই আধ্যাত্মিক গানগুলোর ধাঁচেই রাখা হয়েছে। কিন্তু এর সংগীতায়োজন ও গায়কি হিপহপ স্টাইলের। তিনি জানান, গানের মিউজিক ভিডিওটি তৈরি করেছেন তানিম রহমান অংশু।