হৃদ্রোগে খেয়ালির মৃত্যু

সংগীতশিল্পী খেয়ালি কর্মকার (২১) মারা গেছেন। গত শুক্রবার সকালে তিনি চলে গেছেন না-ফেরার দেশে। গতকাল শনিবার সকালে তাঁর বড় ভাই অতনু কর্মকার জানান, গত বুধবার রাতে খেয়ালি তাঁদের মালিবাগ চৌধুরীপাড়ার বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। তাঁকে দ্রুত হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। সকালে আরও অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে হৃদ্রোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে মারা যান খেয়ালি। পরে ঢাকার রাজারবাগ কালীবাড়ি শ্মশানঘাটে খেয়ালির শেষকৃত্য সম্পন্ন হয়।
২০১০ সালে ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন খেয়ালি কর্মকার। তিনি লিমকো কুইন বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছিলেন।
খেয়ালি মুন্সিগঞ্জের মেয়ে। ছোটবেলায় বাবা ওস্তাদ প্রয়াত গৌরাঙ্গ কর্মকারের কাছে গানে হাতেখড়ি হয় তাঁর।