হৃদয়-রুহ দিয়ে ভালোবাসেন সেলেনা

দুজনই সংগীত তারকা। দুজনই বিখ্যাত। সবার চোখে তো ধরা পড়বেই। যতই সেলেনা গোমেজ আর দ্য উইকেন্ড মুখে কুলুপ আটুক না কেন, তাঁদের হরহামেশা মেলামেশা দেখলে যে কেউ বলে দিতে পারেন, তাঁরা গভীর প্রেমে ডুবে আছেন। তবে প্রেমিকা হিসেবে সেলেনা কেমন তা জানিয়ে রাখলেন ভক্তদের।
সম্প্রতি মিয়ামি’স পাওয়ার ৯৬.৫ এফএম রেডিও চ্যানেলের একটি অনুষ্ঠানে টেলিফোনে সাক্ষাৎকার দেন সেলেনা। জানান তিনি কেমন প্রেমিকা। তিনি বলেন, ‘আমি এমন একজন মেয়ে, যে কাউকে অনেক বেশি ভালোবাসতে পারে। আমি সব সময়ই এ রকম মেয়ে ছিলাম। যে মানুষটাকে ভালোবাসি, তাঁকে আমি আমার হৃদয় আর রুহ (আত্মা) দিয়ে দিই।’ তাহলে বোঝাই যাচ্ছে কতটা ভালোবাসেন তিনি তাঁর প্রেমিককে। এমন প্রেমিকা কে না চায়!
সাক্ষাৎকারে যদিও তিনি প্রেমিকের নাম একটিবারের জন্যও উচ্চারণ করেননি, তবে বলেছেন, তাঁকে কেউ বেছে নিয়েছেন। এর মানে তো পরিষ্কার, প্রেম করছেন ‘ব্যাড লায়ার’ শিল্পী। ইনস্টাইল