হৃদয়-সুজানার মিউজিক ভিডিও

সংগীত তারকা হৃদয় খান ও মডেল, অভিনেত্রী সুজানা ঘর বেঁধেছেন একসঙ্গে। আবার তাঁরা জুটি বাঁধলেন মিউজিক ভিডিওতেও। হৃদয় খানের সুর, সংগীত ও কণ্ঠে ‘তুমিহীনা’ গানটিতে মডেল হচ্ছেন সুজানা। কণ্ঠ দেওয়ার পাশাপাশি হৃদয় খানও মডেল হিসেবে থাকছেন নতুন অ্যালবামের এই গানে।
বিয়ের আগে তাঁরা দুজনে মিউজিক ভিডিওর অর্ধেক কাজ শেষ করেছেন। বিয়ের পর এখন বাকি কাজ শেষ করবেন। বিষয়টা মজার নয়? হৃদয় খান মানলেন। ‘হ্যাঁ, মজার তো বটেই। বলতে পারেন আমাদের সম্পর্কের বেলায় মনে রাখার মতো ঘটনা। আসলে ব্যাপারটা হয়েছে কী, কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় আমার শো ছিল। সুজানাও ঘুরতে বের হয়েছিল। তখন আমরা দুজন মিলে কিছু অংশ ধারণ করে রেখেছিলাম। লন্ডন, পেনসিলভানিয়া, সিডনি ও নিউইয়র্কের কিছু জায়গায় মিউজিক ভিডিওটির শুটিং করা হয়েছে। বাকি অংশ ঢাকা ও ঢাকার বাইরে ধারণ করা হবে।’
প্রায় একই মন্তব্য সুজানারও। ‘হ্যাঁ, এবারের মিউজিক ভিডিওটি আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। কাজটি খুব ভালো হবে আশা করি।’
ঈদের আগেই কাজ শেষ হয়ে যাবে এই মিউজিক ভিডিওটির। এর আগে হৃদয় খানের গাওয়া ‘আড়াল’ (২০১১) ও ‘ভালো লাগে না’ (২০১৩) গান দুটির মিউজিক ভিডিওতে এই জুটি মডেল হয়েছিলেন।