হৃদয়ছোঁয়া গানগুলো নিয়ে এই আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টুডিওতে গান করছেন বাউল সফি মণ্ডল
স্টুডিওতে গান করছেন বাউল সফি মণ্ডল

বাঙালির হৃদয়ে জায়গা করে নেওয়া একগুচ্ছ গান নিয়ে বিশেষ এই আয়োজন। ষাটের দশক থেকে এ সময় পর্যন্ত গাওয়া সেই গানগুলো নতুন করে পরিবেশন করা হবে টেলিভিশনের দর্শকদের সামনে। তিন প্রজন্মের ২৮ জন শিল্পী সেগুলো গাইবেন।
ঈদে টিভি দর্শকদের জন্য এই গানের অনুষ্ঠানের আয়োজনটি করেছে চ্যানেল নাইন। ঢাকার তেজগাঁওয়ে চ্যানেলটির নিজস্ব স্টুডিওতে গানগুলোর রেকর্ডিং চলছে। সরেজমিনে দেখা গেছে, দৃষ্টিনন্দন সেটে শিল্পীদের অংশগ্রহণে চলছে দৃশ্য ধারণ। ফিউশনধর্মী উপস্থাপন হলেও গানগুলোর মৌলিক সুর ও গায়কি ঠিক রেখে ভিন্নতা আনা হয়েছে সংগীতায়োজনে। নিজেদের গান ছাড়াও শিল্পীরা গাইবেন অন্য শিল্পীদের গানও।
গানের দল ‘শূন্য’ ছাড়াও ছয় পর্বে ৪২টি গান করবেন বারী সিদ্দিকী, দিলরুবা খান, সফি মণ্ডল, পার্থ বড়ুয়া, সুমনা হক, তাহসান, আসিফ, তন্ময় তানসেন, মিলা, মিনার, তপু, দিনাত জাহান, ন্যান্‌সি, কোনাল, মাহাদি, সাব্বির, পুলক, রন্টি, ইমরান, বেলাল খান, মেহের আফরোজ শাওন, নিশিতা, রমা, শামীম, রেশমি, হাসনা, রাজু, কর্ণিয়া, জুয়েল মোর্শেদ।
২০১৩ সালে প্রথমবার এই আয়োজনটি চ্যানেল নাইনেই দেখানো হয়েছিল ‘ফিউশন লাউঞ্জ’ নামে। এক বছর বিরতির পর ২০১৫ সালে করা হয় দ্বিতীয় আয়োজন। শুরুতে এর সঙ্গে ছিল ক্লোজআপ। আর তৃতীয়বারের এই আয়োজনে যুক্ত হলো পাওয়ার। পাওয়ার ফিউশন লাউঞ্জের পরিকল্পক ও পরিচালক তানভীর খান বলেন, ‘এমটিভির কোক স্টুডিও দেখে সে রকম একটি অনুষ্ঠান নির্মাণের ইচ্ছা হয়েছিল। সে জন্যই দেশের শিল্পীদের নিয়ে এই আয়োজনটা করা। এবারেরটা ছাপিয়ে যাবে আগের দুটিকে। শিল্পীরা যেভাবে সহযোগিতা করেছেন, তাতে আমাদের শক্তি ও সাহস অনেক বেড়ে গেছে।’
পাওয়ার ফিউশনের ছয় পর্বে কি–বোর্ডে থাকছেন মাসুম ও তুষার, পারকাশনে মিথুন, ড্রামসে আমজাদ, বেজ বাজাবেন শার্টন ও সোহেল, লিড গিটারে রোমান ও রাজীব, বাঁশিতে জালাল, হারমোনিয়াম ও বেহালায় থাকবেন মাখন, মেন্ডোলিন ও দোতারায় জালাল, র‍্যাপ করবেন আরভিস এবং কয়্যার করবেন মিনহাজ ও অনিন্দিতা।
অনুষ্ঠানের সহযোগী পরিচালক সাইফ উদ্দিন বলেন, চ্যানেল নাইনে ঈদের দিন থেকে প্রতিদিন রাত ৯টা ১৫ মিনিটে দেখা যাবে এই গানের আয়োজন।