হেমন্তসন্ধ্যায় ট্রাম্পেট-পিয়ানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেআইবি কমপ্লেক্স অডিটোরিয়ামে ট্রাম্পেট বাজাচ্ছেন নিকোলাই স্ত্রানাৎেকাভস্কি ও পিয়ানো বাজাচ্ছেন ভ্লাদিস্লাভ ফেওদোরভ। রুশ দূতাবাস এবং বেঙ্গল ফাউন্ডেশন যৌথভাবে গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করে l ছবি: সাজিদ হোসেন
কেআইবি কমপ্লেক্স অডিটোরিয়ামে ট্রাম্পেট বাজাচ্ছেন নিকোলাই স্ত্রানাৎেকাভস্কি ও পিয়ানো বাজাচ্ছেন ভ্লাদিস্লাভ ফেওদোরভ। রুশ দূতাবাস এবং বেঙ্গল ফাউন্ডেশন যৌথভাবে গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করে l ছবি: সাজিদ হোসেন

রাতের কুয়াশায় শীত কেবল আসি আসি করছে। সংগীত শোনার জন্য এটাই হয়তো মোক্ষম সময়। এই তো সেদিন রাজধানীতে হয়ে গেল জ্যাজ-ব্লুজ উৎসব। এখন অপেক্ষা লোকসংগীত উৎসবের জন্য। আর দুই উৎসবের মধ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শোনা গেল ট্রাম্পেট ও পিয়ানোর সুর।
বেঙ্গল ফাউন্ডেশন ও রুশ দূতাবাস মিলে কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্স মিলনায়তনে গতকাল আয়োজন করে এই ‘চেম্বার কনসার্ট’-এর। ট্রাম্পেটে ছিলেন নিকোলাই স্ত্রানাৎকোভস্কি এবং পিয়ানো বাজালেন ভ্লাদিস্লাভ ফেওদোরভ। এঁরা দুজনেই রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ মিউজিক হাউসের শিক্ষার্থী। ২০০৬ সালে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় প্রতিষ্ঠানটি তৈরি করার পর নতুন নতুন সংগীত প্রতিভা খুঁজে বের করে তাঁদের প্রশিক্ষিত করে তুলছে। সে উদ্দেশ্য সফল হয়েছে বলা যায়। মাত্র ২৩ বছর বয়সী নিকোলাই ও ১৮ বছর বয়সী ভ্লাদিস্লাভের মতো তরুণ শিল্পীরা এরই মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার জয় করে নিয়েছেন। তাই তো তাঁদের বাদন শুনতে ভরে গিয়েছিল কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্স মিলনায়তন। অনুষ্ঠানের তেমন প্রচার না হলেও সমঝদার শ্রোতারা ঠিকই উপস্থিত হয়েছিলেন সেখানে।
নির্ধারিত সময়ে শুরু হয় অনুষ্ঠান। বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। দর্শক উপস্থিতি দেখে রুশ রাষ্ট্রদূত আলেক্সান্দার নিকোলায়েভ উচ্ছ্বসিত। সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, ‘ট্রাম্পেট ও পিয়ানো শুনতে এত দর্শক হবে ভাবিনি। আমি যখন বাংলাদেশে এসেছিলাম, তখন ভেবেছিলাম, রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক অতি ক্ষীণ। কিন্তু আমি ভুল ভেবেছিলাম। ২০১৪ সাল থেকেই আমাদের দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে।’
আনুষ্ঠানিকতা শেষে মঞ্চে এলেন অনুষ্ঠানের দুই মধ্যমণি নিকোলাই ও ভ্লাদিস্লাভ। শুরুতেই তাঁরা বাজালেন অস্ট্রিয়ার সুরকার জোহান নেপোমুক হুমেলের একটি সুর। দর্শক স্থির হয়ে বসলেন। এরপর তাঁরা বাজালেন চপিনের একটি মাজুরকা। পোল্যান্ডের ঐতিহ্যবাহী নৃত্য মাজুরকা অনুসরণে চপিন তৈরি করেছিলেন ষাটটির মতো মাজুরকা সুর। সম্পূর্ণ নতুন ধরনের এই সুরগুলো সংগীত জগতে চপিন ঘরানা বলে আলাদা মর্যাদা পেয়েছে।
এরপর রুশ সুরস্রষ্টা নিকোলাই রিমস্কি-কোসারভের সুর পিয়ানোতে তুললেন ভ্লাদিস্লাভ। এ সময় নিকোলাই ট্রাম্পেটে সংগত দিয়েছেন আরেক রুশ শিল্পী মিখাইল তাবাকোভের সুর দিয়ে।
পরের পরিবেশনা ছিল রুশ সুরস্রষ্টা চাইকোভস্কির ‘হয়্যার দ্য ডে রেইনস’ (দিনের রাজত্ব যেখানে) গানটির সুর। এতেও ট্রাম্পেটে বেজে ওঠে মিখাইলের সুর। সবশেষ পরিবেশনা ছিল জার্মান সুরকার রবার্ট শুমানের ‘সিম্ফনিক ইটুড’।
পরিবেশনা শেষে শিল্পী দুজনের সঙ্গে কথা হয় প্রথম আলোর। ভ্লাদিস্লাভ বললেন, ‘ঢাকার দর্শকদের দেখে তিনি উচ্ছ্বসিত। ঠিক জায়গায় করতালি দিয়ে, উৎসাহ দিয়ে তাঁরা আমাদের মন জয় করে নিয়েছেন।’ নিকোলাই বললেন, ‘আমরা দুজন এক বছর ধরে একসঙ্গে মহড়া করে যাচ্ছি। তাই আমাদের মধ্যে বোঝাপড়া ভালো। আমরা দুজন বিশ্বের বিভিন্ন দেশেও বাজাতে যাব।’ বাংলাদেশের শ্রোতাদের ধন্যবাদ জানান এই দুই শিল্পী।
ইন্টারনেটের কল্যাণে বিশ্ব এখন হাতের মুঠোয়। এখানে নাম নেওয়া সব সুরস্রষ্টাই হাজির আছেন ইউটিউবে। কিন্তু মিলনায়তনে বসে সরাসরি তাঁদের এসব সৃষ্টি শোনার যে অনুভূতি, তা অপার্থিব এক জগতে নিয়ে যায়।