হৈমন্তী রক্ষিতের 'দেয়াল কাহিনী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাপ্পা মজুমদার ও হৈমন্তী রক্ষিত
বাপ্পা মজুমদার ও হৈমন্তী রক্ষিত

এসেছে সংগীতশিল্পী হৈমন্তী রক্ষিতের গানের অ্যালবাম ‘দেয়াল কাহিনী’। ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গতকাল সোমবার সন্ধ্যায় অবমুক্ত করা হয়েছে অ্যালবামটি। এ উপলক্ষে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপন চৌধুরী, কবির বকুল, আনজাম মাসুদ, বাপ্পা মজুমদার, সোহেল মেহেদী, সাব্বির, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ প্রমুখ।

‘দেয়াল কাহিনী’ অ্যালবামে গান রয়েছে ছয়টি। গানগুলোর শিরোনাম ‘দেয়াল কাহিনী’, ‘রঙিলা’, ‘বর্ষা’, ‘বলছি তোমায়’, ‘সাত সমুদ্দুর’ এবং ‘তুই বিহনে’। গানের কথা লিখেছেন স্বপ্নীল, আপন আহসান ও রানা। সব কটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।

‘দেয়াল কাহিনী’ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে হৈমন্তী রক্ষিত
‘দেয়াল কাহিনী’ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে হৈমন্তী রক্ষিত

হৈমন্তী বলেন, ‘আমি সংগীতশিল্পী। গানই আমার আরাধনা, গানই আমার সাধনা। সবার দোয়া আর সহযোগিতা চাই। একজন শুদ্ধ সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।’ অ্যালবামটি নিয়ে তিনি বললেন, ‘অনেক যত্ন আর সময় নিয়ে অ্যালবামটির কাজ করেছি। বাপ্পাদা অনেক যত্ন করে গানগুলো তৈরি করেছেন। এখন গানগুলো শ্রোতাদের ভালো লাগলে আমাদের সবার পরিশ্রম সার্থক হবে।’

বাপ্পা মজুমদার বলেন, ‘অ্যালবামটি করার সময় হৈমন্তী আর আমাকে অনেক ভাবতে হয়েছে। হৈমন্তীর গান নিয়ে আলাদা করে বলার কিছু নেই। তিনি বরাবরই ভালো শিল্পী। এই অ্যালবামেও তার স্বাক্ষর রেখেছেন।’

এ অনুষ্ঠানে জানানো হয়, ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি ‘দেয়াল কাহিনী’ অ্যালবামের গান শোনা যাবে ডিএমএসের ওয়েবসাইট, জিপি মিউজিক, রবি ইয়ন্ডার মিউজিক ও বাংলালিংক ভাইবে।