হ্যাকারদের লক্ষ্য ছিল ব্রিটনি স্পিয়ার্সের ইনস্টাগ্রাম

ইএসইটি নামের একটি স্লোভাকিয়ান আইটি নিরাপত্তা ফার্ম জানিয়েছে, রাশিয়ার সঙ্গে হাত মেলানো একদল হ্যাকার নাকি মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের ইনস্টাগ্রাম হ্যাক করতে চেয়েছিল। তারা ব্রিটনির ইনস্টাগ্রামে পোস্ট করা ভক্তদের মন্তব্যসহ একটি ছবির স্ক্রিন শট প্রমাণ হিসেবে দেখায়। সেখানে একটি মন্তব্যে এমন কিছু শব্দ ছিল যেগুলো নাকি আপাতদৃষ্টিতে ক্ষতিকর মনে না হলেও ছিল লুকায়িত সাংকেতিক কোড। সেটা ছিল বড় ধরনের আক্রমণের জন্য একটি পরীক্ষামূলক পদক্ষেপ। তবে ইনস্টাগ্রামে ব্রিটনির প্রায় ১৭ কোটি অনুসারীদের ভয় নেই। এই ছদ্মবেশী শব্দ দেখলে বা এর ওপর ক্লিক করলে তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বাস দেয় ইএসইটি।
অনেক দিন ধরে ইএসইটি টারলা নামের এই হ্যাকার দলটিকে ধাওয়া করে আসছিল। তাদের মতে, টারলা বিদেশি সরকার, কূটনীতিক, সেনাবাহিনী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে হ্যাক করার জন্য লক্ষ্য বানিয়ে রেখেছে।
এর আগে ২০১৬ সালে কে বা কারা সংগীত তারকা বব ডিলান ও প্রযোজনা প্রতিষ্ঠান সনি মিউজিকের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে ঘোষণা দিয়েছিল যে ব্রিটনি স্পিয়ার্স মারা গিয়েছেন। ইয়াহু সেলিব্রিটি