হয়ে গেল উদীচীর জাতীয় গণসংগীত প্রতিযোগিতা

‘আমার লড়াই আমার গান, উঠবে জেগে সর্ব প্রাণ’ স্লোগান নিয়ে অনুষ্ঠিত হয়েছে উদীচীর ঢাকা জেলার গণসংগীত প্রতিযোগিতা। আজ সকাল ১০টায় সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে শুরু হয় বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা।
‘ক’, ‘খ’, ‘গ’ ও দলীয়-এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একক প্রতিযোগিতার ক্ষেত্রে অনূর্ধ্ব-১২ বছর বয়সীরা ‘ক’ বিভাগে, ১২ থেকে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীরা ‘খ’ বিভাগে এবং ১৮ বছরের বেশি বয়সী সকল প্রতিযোগী ‘গ’ বিভাগের অন্তর্ভুক্ত ছিলেন। দলীয় প্রতিযোগিতা (‘ঘ’ বিভাগ)-এর ক্ষেত্রে কমপক্ষে পাঁচজন শিল্পীর অংশগ্রহণ বাঞ্ছনীয় ছিল। এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মতলুব আলী, শাহীন সরদার এবং সোহানা আহমেদ।
প্রতিযোগিতা শুরুর আগে ছিল সংক্ষিপ্ত উদ্বোধনী পর্ব। উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে এ পর্বে আলোচনা করেন তিন বিচারক, উদীচী ঢাকা বিভাগীয় কমিটির আহ্বায়ক শিবানী ভট্টাচার্য এবং উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান। এরপর শুরু হয় চারটি বিভাগের প্রতিযোগিতা।
এবারের প্রতিযোগিতায় ঢাকা জেলা পর্বে ‘ক’ বিভাগে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন নূর জাকিয়া, শেহের মাহমুদ এবং অরিন্দম খান। ‘খ’ বিভাগে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন কাজল রেখা, দুলারি ভট্টাচার্য ও মায়েশা সুলতানা। ‘গ’ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন আনান বাউল, মো. তফাজ্জল হোসেন ও অন্তু সরকার। ‘ঘ’ বিভাগে যৌথভাবে প্রথম হয়েছে উদীচী ঢাকা মহানগর সংসদ ও ভিন্নধারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। যৌথভাবে দ্বিতীয় হয়েছে উদীচী মিরপুর শাখা ও উদীচী তেজগাঁও শাখা।
আগামী ১৮ মার্চ শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা পর্যায়ের বিজয়ীরা। আগামী ১ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। এর আগে দেশে ও বিদেশে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীরা অংশ নেবেন বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। সেখানে যারা বিজয়ী হবেন তারা ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।