হয়ে গেল এলআরবির ২৫ বছরপূর্তি কনসার্ট

সন্ধ্যা নামতেই রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে জমে ওঠে তরুণ-তরুণীদের ভিড়। সেই ভিড়ে দেখা যায় বেশ কয়েকজন মাঝ বয়স পেরোনো গানপ্রেমীকেও। গানের দল এলআরবি ২৫ বছরপূর্তিতে সেখানে কনসার্টের আয়োজন করেছে। তাই দলটির শুরুর সময়কার ভক্ত থেকে শুরু করে এ প্রজন্মের শ্রোতাদের মিলন মেলা বসেছিল গত মঙ্গলবার।
রবি-ইয়োন্ডার মিউজিকের আয়োজন করে ‘টোয়েন্টি ফাইভ ইয়ার্স সেলিব্রেশন অব এলআরবি’। কনসার্টে এই দল তাদের সংগীতজীবনের সেরা গানগুলো একে একে গেয়ে শোনায় ভক্ত-শ্রোতাদের। ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘একদিন ঘুম ভাঙা শহরে’, ‘সেই তুমি’, ‘মাধবী’, ‘ঘুমন্ত শহরে’সহ একে একে চিরসবুজ সব গান দিয়ে বুঁদ রাখেন দলের সদস্যরা। গানের ফাঁকে ফাঁকে কথা দিয়েও শিল্পীরা শ্রোতাদের ধরে রাখেন।
উল্লেখ্য, ১৯৯১ সালে আইয়ুব বাচ্চু স্বপন, টুটুল ও জনিকে নিয়ে প্রতিষ্ঠা করেন রক ঘরানার ব্যান্ড এলআরবি। বর্তমানে এর লাইনআপে আছেন আইয়ুব বাচ্চু (লিড ভোকাল ও গিটারিস্ট), স্বপন (বেস গিটার), মাসুদ (গিটার) ও রোমেল (ড্রামস)।