১ ডিসেম্বর 'ব্যান্ড উৎসব'

‘এই দেশে তো অনেক দিবস আছে। বিজয়ের মাসের প্রথম দিন ১ ডিসেম্বর শুধু আমাদের দেশের ব্যান্ডের সদস্যদের জন্য। আমরা যারা ব্যান্ড মিউজিকের সঙ্গে সম্পৃক্ত আছি, এই দিন আমরা গান করব ব্যান্ড উৎসবে। ওই দিন যেকোনো ব্যান্ড এসে এখানে গান গাইতে পারবে।’ বললেন উৎসবের অন্যতম উদ্যোক্তা ও এলআরবির প্রধান আইয়ুব বাচ্চু।
আগামী ১ ডিসেম্বর চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ‘পার্কি বিস্কুট-চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৫, পাওয়ারড বাই সিম্ফনি’। এ উপলক্ষে গতকাল রোববার দুপুরে চ্যানেল আইয়ের কার্যালয়ে ছিল সংবাদ সম্মেলন। তাতে ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু ও ওমর খালেদ রুমি।
এবার উৎসবে অংশ নিচ্ছে এলআরবি, অবসকিউর, প্রমিথিউস, আর্ক, বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস, ব্রাদারহুড, ব্ল্যাক, জলের গান, তিরন্দাজ, উচ্চারণ, পিপীলিকা, বাংলাদেশ ও মেট্রিক্যাল।
শাইখ সিরাজ বলেন, ‘আমরা শুদ্ধধারার ব্যান্ডসংগীতকে তরুণ প্রজন্মের কাছে আরও ছড়িয়ে দিতে চাই।’
জ্যেষ্ঠ ব্যান্ড তারকা ওমর খালেদ রুমি বলেন, ‘১৯৭২ সালে আমরা যখন ব্যান্ডের গানের চর্চা শুরু করি, তখন বাদ্যযন্ত্র আর কারিগরি ব্যবস্থা ছিল অপ্রতুল। এখন সবকিছুই হাতের নাগালে। এসব সুবিধা কাজে লাগিয়ে ব্যান্ড চর্চাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।’
উপস্থিত ব্যান্ড তারকাদের পক্ষ থেকে বক্তব্য দেন হাসান, বাপ্পা মজুমদার, বিপ্লব, কনক, টনি, পারভেজ প্রমুখ।
১ ডিসেম্বর চ্যানেল আই প্রাঙ্গণে ‘পার্কি বিস্কুট-চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৫, পাওয়ারড বাই সিম্ফনি’ শুরু হবে বেলা ১১টা ৫ মিনিটে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। পুরো উৎসব সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।