১০ বছর পর দিঠি...

সংগীতশিল্পী দিঠি আনোয়ারের একক অ্যালবাম পোড়া চোখ শিগগির আসছে। শিল্পী জানালেন, প্রায় ১০ বছর পর নতুন একক অ্যালবাম অবমুক্ত করছেন তিনি। আটটি গান নিয়ে এই অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে ২১ মে। নতুন অ্যালবামটি নিয়ে দারুণ রোমাঞ্চিত দিঠি। বললেন, ‘আমার অ্যালবামে দুই প্রজন্মের সুরকারেরা সুর করেছেন। যাঁরা একসময় আমার বাবা গাজী মাজহারুল আনোয়ানের গানে সুর করতেন, তাঁরা আমার গানেও সুর করেছেন। আবার এ প্রজন্মের সুরকারেরাও রয়েছেন। তাই বলতে পারেন, এটা দুই প্রজন্মের একটা মেলবন্ধনের অ্যালবাম।’
পোড়া চোখ অ্যালবামের গানগুলো লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, কবির বকুল, সোমেশ্বর অলি ও ফয়সাল রাব্বীকিন। আর সুর করেছেন আলাউদ্দিন আলী, শেখ সাদী খান, আহমেদ ইমতিয়াজ বুলবুল, শওকত আলী ইমন, এসআই টুটুল ও শফিক তুহিন।
গানগুলো সবার ভালো লাগবে বলেই আশা করছেন দিঠি। বললেন, ‘এটা আমার একটা স্বপ্নের অ্যালবাম। এর পেছনে সবাই তাঁদের সেরাটা দিয়েছেন। তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা।’
এরই মধ্যে একটি গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। ‘দিন যাবে কাল গুনে’ শিরোনামের এই গানটির ভিডিও দেখা যাচ্ছে ইউটিউবে। অ্যালবামটি বাজারে আনছে জি সিরিজ।