১০ বছর পর সৈনিকের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুমি আমার ঘুম ১০ বছর আগে প্রকাশিত টি ডব্লিউ সৈনিকের প্রথম একক গানের অ্যালবাম। এই অ্যালবামের টাইটেল গান ‘তুমি আমার ঘুম’ দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পান সৈনিক। এরপর ১০ বছরের বিরতি। গানের জগতে আর সেভাবে দেখা যায়নি তাঁকে। নাটক, বিজ্ঞাপন আর চলচ্চিত্রের চিত্রগ্রহণ ও পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। এবার সেই বিরতি শেষে বাজারে এসেছে তাঁর দ্বিতীয় একক গানের অ্যালবাম। নাম ঘুমের পরে মেঘ।
নিজের ভালো লাগা কিছু গান দিয়ে অ্যালবামটি সাজিয়েছেন বলে জানান সৈনিক। বললেন, ‘অ্যালবামটিতে নয়টি গান রয়েছে। আমি মন দিয়ে গানগুলো করেছি।’ লম্বা বিরতির কারণ জানতে চাইলে সৈনিক বলেন, ‘প্রথম অ্যালবামে শ্রোতাদের সাড়া পেয়ে তাঁদের ভালো কিছু গান উপহার দেওয়ার তাগিদ কাজ করেছে আমার ভেতর। শ্রোতাদের নিরাশ না করার সর্বোচ্চ চেষ্টা আমি করেছি। তা ছাড়া নাটক, বিজ্ঞাপন আর চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ততার কারণে দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করতে লম্বা বিরতি নিতে হয়েছে।’
ঘুমের পরে মেঘ অ্যালবামের গানের কথা লিখেছেন সোহেল আরমান, রানা মাসুদ, দেবাশীষ কাঁকন ও টি ডব্লিউ সৈনিক নিজে। সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার, এস আই টুটুল, হৃদয় খান ও জুলফিকার জনি।