১২ জুন আসছে 'এক নির্ঝরের গান'
১২ জুন আসছে এক নির্ঝরের গান। অ্যালবামে থাকছে ১০১টি গান। অ্যালবামটি প্রকাশ করছে মিউজিক লেবেল গানশালা। এ উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে এক প্রীতি সম্মিলনীর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অ্যালবামের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীরা।
এক নির্ঝরের গান–এর সব কটি গানের গীতিকার ও সুরকার স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর। সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু, সজীব, রোকন ইমন, লাবিক কামাল, নির্ঝর চৌধুরী, লিমন, মুন, অর্ক ও শান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ৪২ জন সংগীতশিল্পী। তাঁদের মধ্যে আছেন এন্ড্রু কিশোর, সুবীর নন্দী, নকিব খান, শাফিন আহমেদ, শম্পা রেজা, চন্দনা মজুমদার, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, হাসান আবিদুর রেজা জুয়েল, বাপ্পা মজুমদার, অর্ণব, কনা, মিলন মাহমুদ, গাউসুল আলম, নবনীতা চৌধুরী, কৌশিক হোসেন, দিনাত জাহান, সোহিনী আলম, কোনাল, মাহাদি, শুভ, সভ্যতা প্রমুখ।
অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান গানশালার প্রধান সমন্বয়কারী এম এ মারুফ। এনামুল করিম নির্ঝর জানান, এক নির্ঝরের গান অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান হবে ১২ জুন সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। শুধু গান নয়, ঘণ্টা দেড়েকের অনুষ্ঠানটি সাজানো হচ্ছে থিয়েট্রিক্যাল মিউজিক পরিবেশনের ঢঙে।