১২ মাসে শিরোনামহীনের ১২ উপহার

বৈশাখের প্রথমদিন, সাল ১৯৯৬; ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত কনসার্টে গান করবে একটি নতুন ব্যান্ড। কিন্তু তখনো পর্যন্ত এই ব্যান্ডের কোনো নাম দেওয়া হয়নি। অবশেষে মঞ্চে ওঠার ঠিক আগে চূড়ান্ত করা হলো— এই ব্যান্ডের নাম হবে ‘শিরোনামহীন’। আগামী বছর যাত্রা শুরুর দুই দশক পূর্ণ করবে ‘শিরোনামহীন’। তাই বাংলা ১৪২৩ সালকে ঘিরে নানা পরিকল্পনা করছে আজকের অন্যতম জনপ্রিয় এই ব্যান্ডের সদস্যরা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— পয়লা বৈশাখ থেকে শুরু করে বাংলা প্রতিটি মাসে শ্রোতাদের একটি করে নতুন গান উপহার দেবে তাঁরা।
শিরোনামহীনের অন্যতম সদস্য জিয়া বলেন, ‘আমাদের ব্যান্ডের জন্মদিন পয়লা বৈশাখ। তাই প্রথম গানটিকে আমরা পয়লা বৈশাখেই মুক্তি দেব। এরপর বাংলা ১৪২৩ সালের প্রতি মাসে শ্রোতারা আমাদের কাছ থেকে একটা করে নতুন গান পাবেন।’
জিয়া বলেন, ‘আর গানগুলো পাবেন শিরোনামহীনের ওয়েবসাইট ও বিভিন্ন অনলাইনে।’ তিনি বলেন, ‘একটা কনসার্টও করার ইচ্ছে আছে। এখনো হাতে যথেষ্ট সময় আছে, তাই সবাই মিলে পরিকল্পনা করে তবেই সিদ্ধান্ত নেব। ১৪২৩ সালকে আমরা স্মরণীয় করে রাখব।’
এখন খুবই ব্যস্ত শিরোনামহীন। জিয়া বললেন, ‘১৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ১৮ দিনে আমরা ২২টি কনসার্টে গান করব। থার্টি ফার্স্ট নাইটে থাকব কক্সবাজারে।’