১২ মাসে ১২ গান!
পয়লা বৈশাখ, সালটা ১৪০৩ বঙ্গাব্দ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত কনসার্টে গান করবে একটি নতুন ব্যান্ড। কিন্তু তখন পর্যন্ত এই ব্যান্ডের কোনো নাম দেওয়া হয়নি। মঞ্চে ওঠার আগে চূড়ান্ত হলো, ব্যান্ডের নাম হবে শিরোনামহীন। আগামী বছর দুই দশক পূর্ণ করবে শিরোনামহীন। তাই বাংলা ১৪২৩ সালকে ঘিরে নানা পরিকল্পনা করছেন আজকের অন্যতম জনপ্রিয় এই ব্যান্ডের সদস্যরা। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, পয়লা বৈশাখ থেকে শুরু করে বাংলা প্রতি মাসে একটি নতুন গান শ্রোতাদের উপহার দেবেন তাঁরা।
শিরোনামহীনের অন্যতম সদস্য জিয়া বলেন, ‘আমাদের প্রথম গানটি আমরা পয়লা বৈশাখেই রিলিজ দেব। এরপর বাংলা ১৪২৩ সালের প্রতি মাসে শ্রোতারা আমাদের কাছ থেকে একটি করে নতুন গান পাবেন। আর তা পাবেন শিরোনামহীনের ওয়েবসাইট ও অন্যান্য সাইটে।’
এখন খুবই ব্যস্ত শিরোনামহীন। জিয়া বললেন, ‘১৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ১৮ দিনে আমরা ২২টি কনসার্টে গান করছি।’